Sylhet Today 24 PRINT

পার্কভিউ হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, ভাংচুর

নিজস্ব প্রতিবেদক |  ০৬ জানুয়ারী, ২০১৯

নগরীর পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যুর পর ভুল চিকিৎসার অভিযোগ তুলেছেন স্বজনরা। রাত সাড়ে ৯টার দিকে মেহেরিমা নামের ছয় মাসের ওই শিশু মারা যায়। এতে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালটি ভাংচুর চালান।

মারা যাওয়া শিশুর স্বজন ফজলুর রহমান জানান, বালুচর এলাকার শাহজান মিয়ার শিশুকন্যা মেহেরিনা নিউমোনিয়ায় আক্রান্ত হলে শনিবার সন্ধ্যায় নগরীর তালতলা এলাকার পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরই তাকে অক্সিজেনের মাস্ক পড়িয়ে দেন চিকিৎসকরা। অক্সিজেন লাগানোর পরই মেহেরিমার খিচুনি ওঠে। এর কিছুক্ষণ পর সে মারা যায়।

ফজলুর রহমান জানান, খিচুনি ওঠার পর চিকিৎসক ও সেবিকাকে খুঁজতে গেলে হাসপাতালে কোনো চিকিৎসক ও সেবিকা পাওয়া যায়নি। কর্মকর্তাদের কেউও ছিলেন না।

তাঁর অভিযোগ, অক্সিজেন মাস্ক পরানোর কারণেই ওই শিশুর মৃত্যু হয়।

এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির মৃত্যুর পর হাসপাতালে ব্যাপক ভাংচুর চালায় রোগীর স্বজনরা। তারা হাসপাতালের বিভিন্ন কক্ষের গ্লাস, জানালা ও চেয়ার-টেবিল ভাংচুর করে।

পার্কভিউ হাসপাতালের উপ পরিচালক ডা. তন্ময় ভট্টাচার্য শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোগীর স্বজনদের অভিযোগে বিষয়ে তদন্ত করা হবে। তদন্তে কারো গাফিলতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.