Sylhet Today 24 PRINT

শিক্ষা থেকে বাদ নাহিদ

নিজস্ব প্রতিবেদক |  ০৬ জানুয়ারী, ২০১৯

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পাননি শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পাচ্ছেন ডা. দীপু মনি।

রোববার (৬ জানুয়ারি) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করে যারা মন্ত্রী হচ্ছেন তাদের শপথ গ্রহণের প্রস্তুতি নিতে বলা হয়।

টানা দুই মেয়াদে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা নাহিদ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ কোন ফোন পাননি। এরই মধ্যে তার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা চাঁদপুর-৩ (চাঁদপুর- হাইমচর) আসনের সাংসদ ডা. দীপু মনি।

একাদশ সংসদের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন ৪৬ জন সদস্য। এর মধ্যে মন্ত্রী হিসেবে ২৪ জন, প্রতিমন্ত্রী হিসেবে ১৯ জন এবং উপমন্ত্রী ৩ জন।

এদের মধ্যে নেই নুরুল ইসলাম নাহিদের নাম। ধারণা করা হচ্ছে এবারের মন্ত্রিসভা থেকে বঞ্চিতই থাকতে হচ্ছে তাকে।

শিক্ষামন্ত্রী হিসেবে গত দশ বছর টানা দায়িত্ব পালন করেছেন নুরুল ইসলাম নাহিদ। তৃতীয়বারের মতো তাকে শিক্ষামন্ত্রী করা হবে কিনা তা নিয়েই চলছিল আলোচনা। তবে পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কারণে প্রশ্নবিদ্ধ হয়েছেন তিনি। শিক্ষার মানোন্নয়ন নিয়েও রয়েছে ব্যাপক সমালোচনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.