জুড়ী প্রতিনিধি | ০৬ জানুয়ারী, ২০১৯
মৌলভীবাজারের জুড়ীতে অতিরিক্ত মাদক সেবনের ফলে জাহিদ মিয়া (৪৫) নামে ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৫ জানুয়ারি) রাতে উপজেলার ফুলতলা বাজারে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাওঁ গ্রামের মৃত বশির মিয়ার ছেলে জাহিদ মিয়া (৪৫) শনিবার রাত আটটার দিকে ফুলতলা বাজারস্থ তার বাসায় অতিরিক্ত মাদক সেবন করা কালীন সময়ে পুলিশ হানা দেয়। এসময় তার কাছ থেকে ৪ বোতল ফেন্সিডিল, ৩ বোতল ভারতীয় মদ, ৫ পিছ ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করে।
তখন অতিরিক্ত মাদক সেবনের ফলে জাহিদ মিয়া ঘটনাস্থলে অসুস্থ হয়ে পরলে পুলিশ তাকে সাথে সাথে চিকিৎসার জন্য তার আত্মীয় স্বজনের সহযোগিতায় সিএনজিতে করে কুলাউড়া হাসপাতালে নিয়ে যান। পরে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে রাত ৯ টা ২০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জাহিদ মিয়া মারা যান।
জাহিদ মিয়ার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হক বলেন, "জাহিদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।"
এদিকে ফুলতলা ইউনিয়নের কোনাগাওঁ গ্রামের মেম্বার মারুফ আহমদ বলেন, "আমাদের জানা মতে জাহিদ একজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী ছিলেন।"
এ ব্যাপারে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ওইদিন সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জাহিদের বাসায় অভিযান চালায়। এসময় মাদকদ্রব্য ও সরঞ্জামাদিসহ জাহিদকে আটক করলে সে অসুস্থ্তাবোধ করে। তখন সাথে সাথে তার আত্মীয় স্বজনদের সাথে নিয়ে কুলাউড়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার আরএমও জাকির হোসেন তাকে মৃত ঘোষণা করেন।"
তিনি আরো বলেন, "তাৎক্ষণিকভাবে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের উপস্থিতিতে তার সুরতহাল রিপোর্ট তৈরি করে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়। এ ব্যাপারে জুড়ী থানায় একটি ইউডি মামলা নং- ১, তাং- ৫/১/২০১৯ নেয়া হয়েছে।"