Sylhet Today 24 PRINT

মাধবপুরে সংরক্ষিত বনে আগুন, পুড়ল ২০ হেক্টর ভূমি

মাধবপুর প্রতিনিধি |  ০৬ জানুয়ারী, ২০১৯

হবিগঞ্জের মাধবপুর উপজেলার রঘুনন্দন বনের জগদীশপুর সংরক্ষিত বনাঞ্চলে অগ্নিকান্ডের ঘটনায় ২০ হেক্টর বনভূমি আগুনে পুড়ে গেছে। এতে ২০১৬-২০১৭ অর্থ বছরে দীর্ঘমেয়াদী বনের গর্জন, চাপালিশ, জারুল, সেগুন সহ ২০ হেক্টর বনভূমির সৃজিত চারা গাছ সম্পূর্ণ পুড়ে গেছে।

বনরক্ষি ও উপকার ভোগীরা ২ দিন চেষ্টা চালিয়ে রোববার সকালে ভয়াবহ এ আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনায় জগদীশপুর বিট কর্মকর্তা সামসুল ইসলাম মাধবপুর থানায় রোববার দুপুরে একটি সাধারণ ডায়েরী করেছেন।

স্থানীয় ফরিদা বেগম জানান, সরকারের সহযোগিতায় বাগান পেয়ে আশায় ছিলাম কিছু লাভবান হব। কিন্তু আগুনে সব আশা পুড়ে গেছে।

এ ব্যাপারে হবিগঞ্জ সহকারী বন সংরক্ষক আব্দুল আল মামুন জানান, ২০১৬-২০১৭ অর্থবছরে সরকারের রাজস্ব অর্থায়নে ৯০ হেক্টর জায়গায় বিভিন্ন প্রজাতির দীর্ঘমেয়াদী বনায়ন সৃজন করা হয়। এগুলো সরকারি নির্দেশে ১২৫ জন উপকার ভোগীদের মধ্যে বরাদ্দ দেয়া হয়। এটি একটি সফল বাগান ছিল। কিন্তু গত ৪ জানুয়ারি রাতে খবর আসে বনে আগুন লেগেছে। আগুন নেভানোর জন্য পানির কোন ব্যবস্থা না থাকা এবং খরা মৌসুম হওয়ায় আগুনের তীব্রতা বাড়তে থাকে। ক্রমশেই আগুনের লেলিহান শিখা দ্রুত পুরো বনে ছড়িয়ে পড়ে। বনরক্ষী ও উপকার ভোগীরা ২ দিন চেষ্টা চালিয়ে রোববার সকালে আগুন নেভাতে সক্ষম হয়। পাহাড়ের ভেতরে ফায়ার সার্ভিসের যান চলাচলের রাস্তা না থাকায় বনে ঢুকতে পারে নি।

ক্ষতিগ্রস্ত বনে নতুন করে গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হবে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.