নিজস্ব প্রতিবেদক | ০৭ জানুয়ারী, ২০১৯
সিলেট-১ আসন থেকে প্রথমবারের মতো নির্বাচিত হয়েই পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন ড. একে আব্দুল মোমেন। দীর্ঘদিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করা এই কূটনীতিক আজ সোমবার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন।
মন্ত্রিসভায় ডাক পাওয়ার প্রতিক্রিয়ায় এ কে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর যে আস্থা রেখে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছেন, সে দায়িত্ব ভালোভাবে পালন করাই আমার প্রথম লক্ষ্য।
বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে দক্ষ কূটনৈতিক তৎপরতা চালাবেন বলে জানান মোমেন।
মোমেনের বড় ভাই সিলেট-১ আসনের বর্তমান সাংসদ আবুল মাল আবদুল মুহিত অর্থমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। তবে তিনি অবসর নেওয়ায় নতুন সরকারের অর্থমন্ত্রী হচ্ছেন আ হ ম মোস্তফা কামাল।
অর্থনীতি বিষয়ে পড়াশোনা করা মোমেন পেশায় শিক্ষক ও কূটনীতিক। আওয়ামী লীগ সরকারের গত দুই মেয়াদে সৌদি আরবের রাষ্ট্রদূত ও ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন মোমেন।
এবারের সিলেট থেকে মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন- সিলেট-১ আসন থেকে নির্বাচিত এ কে আব্দুল মোমেন পররাষ্ট্র, সুনামগঞ্জ-৩ এর এম এ মান্নান পরিকল্পনা এবং মৌলভীবাজার-১ থেকে চার বারের নির্বাচিত শাহাব উদ্দিন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের।
প্রতিমন্ত্রীরা হলেন সিলেট-৪ থেকে ছয় বারের নির্বাচিত ইমরান আহমদ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং হবিগঞ্জ-৪ আসনের মাহবুব আলী বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের।