বড়লেখা প্রতিনিধি | ২৭ জুলাই, ২০১৫
কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় জাকির হোসেনের মৌলভীবাজারের গ্রামের বাড়ী জুড়ী ও বড়লেখায় আনন্দের বন্যা বইছে। রাজনীতিতে তৃণমুল পর্যায় থেকে উঠে আসা জাকির হোসেন ছাত্রলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় পরিবারসহ জুড়ী ও বড়লেখার মানুষ জাকিরের প্রশংসায় পঞ্চমুখ। বিস্ময়ে অভিভূত হয়েছেন এলাকাবাসী সহ আওয়ামী পরিবারের নেতাকর্মীরা।
সোমবার জাকির হোসেনকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে বড়লেখা ছাত্রলীগ। দুপুরে বড়লেখা ডিগ্রি কলেজের আয়োজনে পৌর শহরে আনন্দ মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় কার্যালয়ের সামনে পথসভায় মিলিত হয়।
পথসভায় জাকির-সোহাগ পরিষদকে অভিনন্দন জানিয়ে ডিগ্রি কলেজ সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে ও সম্পাদক আব্দুর রব বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌর আওয়ামীলীগের সম্পাদক আব্দুল আহাদ, কাউন্সিলর তাজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হামিদুর রহমান শিপলু, সহ সভাপতি দিলিপ দে দিপু, যুগ্ম সম্পাদক ছালেহ আহমদ জুয়েল, সাংগঠনিক কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি তানিমুল ইসলাম, সহ সভাপতি সঞ্জয় দাস, ময়নুল ইসলাম, সম্পাদক সাহেদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফরহাদ আহমদ, হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, পৌর সভাপতি ছিদ্রাতুল কাদের আবির প্রমুখ।
পারিবারিক ও দলীয় সুত্রে জানা গেছে, নব নির্বাচিত জাকির হোসেন জুড়ী উপজেলার গোয়ালবাড়ী গ্রামের হাফিজ মাওলানা আব্দুল জলিলের পুত্র। পাঁচ ভাই ও চার বোনের মধ্যে অষ্টম জাকির হোসেনের লেখাপড়া হাতেখড়ি নয়াবাজার দাখিল মাদ্রাসায়। সেখান থেকে ২০০২ সালে এসএসসি সমমান দাখিল পাশ করে নরসিংদি পলিটেকনিক্যাল ইনষ্টিটিউট থেকে উচ্চমাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাষ্টার্স সম্পন্ন করে বর্তমানে উক্ত বিষয়ে জাকির এমফিল করছেন।
জাকিরের এ সফলতায় খুশি বড় ভাই শামীম হোসেন। তিনি তার ছোট ভাইকে সাধারন সম্পাদক পদে নির্বাচিত করায় আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করেনে।
জুড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখরুল ইসলাম জাকির হোসেনকে সাধারন সম্পাদক নির্বাচিত করায় ছাত্রলীগ তথা জুড়ীর পক্ষ থেকে ছাত্রলীগের সকল নেতা-কর্মীদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন তার নির্বাচনী এলাকার প্রতিভাবান ও মেধাবী ছাত্র জাকির হোসেনকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক নির্বাচিত করায় ছাত্রলীগের সকল নেতাকর্মীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি নব নির্বাচিত কেন্দ্রীয় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারন সম্পাদক জাকির হোসেন বাংলাদেশ আওয়ামীলীগের কান্ডারী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে ছাত্রলীগকে আরো সুসংগঠিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলতে নিরলস ভাবে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।