Sylhet Today 24 PRINT

রাজন হত্যা : এবার ওসি আলমগীরকে বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক |  ২৭ জুলাই, ২০১৫

সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যার ঘটনায় দায়িত্বে গাফিলতির দায়ে এবার জালালাবাদ থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরআগে আলমগীরকে জালালবাদ থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছিলো।

সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ কমিশনার রহমতউল্লাহ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলমগীরকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। রোববার রাতে পুলিশ হেড কোয়ার্টার থেকে এ সংক্রান্ত আদেশ আসে।

এই ঘটনায় এরআগে একই থানার উপ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ও জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।

শিশু সামিউল আলম রাজন হত্যার পর তার বাবা আজিজুর রহমান অভিযোগ করেন, পুলিশ রাজন হত্যার ঘটনা ধামচাপা দিয়ে আসামীদের বাঁচানোর চেষ্টা ও টাকার বিনিময়ে এক আসামীকে বিদেশে পালাতে সহায়তা করে। এমনকি থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে তাকে থানা থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় বলেও অভিযোগ করেন আজিজুর রহমান।

এই অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া যাওয়ায় প্রথমে দুই এসআইকে ও পরে ওসিকে সাময়িক বরখাস্ত করা হলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.