Sylhet Today 24 PRINT

আগামী সপ্তাহে সিলেট আসছেন ঐক্যফ্রন্ট নেতারা

নিজস্ব প্রতিবেদক |  ০৯ জানুয়ারী, ২০১৯

আগামী সপ্তাহে সিলেটে আসছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। ক্ষতিগ্রস্ত নির্বাচনী এলাকা পরিদর্শনের অংশ হিসেবে সিলেটের বালাগঞ্জ আসবেন তারা।

মঙ্গলবার (৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বাসায় জোটের স্টিয়ারিং কমিটির বৈঠকে এ কথা জানানো হয়।

এ বৈঠকে জাতীয় সংলাপসহ তিন কর্মসূচি করার সিদ্ধান্ত নিয়েছেন ঐক্যফ্রন্ট। এগুলো হলো- জাতীয় সংলাপ, নির্বাচনী ট্রাইব্যুনালে নির্বাচনের অনিয়ম তুলে ধরে মামলা এবং দেশব্যাপী জাতীয় ঐক্যফ্রন্টের সফর।

বৈঠকে নিজেদের সিদ্ধান্ত সাংবাদিকদের সামনে তুলে ধরেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় সংলাপ, নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা এবং নির্বাচনের সময় যে সমস্ত এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব এলাকায় আমরা পরিদর্শন করবো।

তিনি বলেন, এরই অংশ হিসেবে আগামী এক সপ্তাহের মধ্যে সিলেটের বালাগঞ্জে যাবো আমরা।

তবে ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দের আগামী সপ্তাহে সিলেট সফরের নির্দিষ্ট দিন-ক্ষণ এখনো জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.