Sylhet Today 24 PRINT

সামাদ আজাদের ৯৭তম জন্মবার্ষিকী মঙ্গলবার

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জানুয়ারী, ২০১৯

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের ৯৭তম জন্মবার্ষিকী মঙ্গলবার (১৫ জানুয়ারি)।

এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে সকাল ৯টায় কোরআন খতম, ১১ টায় ঢাকায় বনানীতে তাঁর কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হবে।

দুপুরে ঢাকার লেকসার্কাস লেকভিউ জামে মসজিদে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়া সিলেট, সুনামগঞ্জ ও জগন্নাথপুরে পৃথক ভাবে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।

ভাষা সৈনিক আব্দুস সামাদ আজাদ তৎকালীন সিলেট জেলার জগন্নাথপুর থানার ভূরাখালি গ্রামে ১৯২২ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪০ সালে সুনামগঞ্জ জেলা মুসলিম ছাত্র ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেন এবং ১৯৪৬সালে একই সংগঠনের অবিভক্ত আসামের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে তাঁর সিদ্ধান্ত ক্রমে ও নেতৃত্বে প্রথম ১৪৪ ধারা ভঙ্গ করা হয়।

সাবেক এ মন্ত্রী ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্ট থেকে এমএলএ নির্বাচিত হন এবং আওয়ামী লীগে শ্রম সম্পাদক হিসাবে যোগদান করেন। ১৯৫৮ সালে আইয়ুব বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন এবং সর্বদলীয় রাজনৈতিক জোট এনডিএফ এর দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭০ এর নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে এমএনএ নির্বাচিত হন। এসময় স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্র মন্ত্রী ছিলেন তিনি।

মুক্তিযুদ্ধের এ সংগঠক ৭৫ পরবর্তী আওয়ামী লীগের পুনর্গঠনে বিশেষ ভূমিকা পালন করেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ১৯৯০ এর গণঅভ্যুত্থানের এবং ১৯৯৬ এর জনতার মঞ্চের অন্যতম রূপকার ছিলেন তিনি। ১৯৯১ সালে বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করেন। সুনামগঞ্জ জেলার প্রায় প্রতিটি নির্বাচনী এলাকা থেকে বিভিন্ন সময়ে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ মন্ত্রীসভায় সফল পররাষ্ট্র মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ ২০০১ সালের নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন। ২০০৫ সালের ২৭ এপ্রিল তিনি মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.