Sylhet Today 24 PRINT

শফির ফুলে সিলেট জুড়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক |  ১৬ জানুয়ারী, ২০১৯

মোমেনের হাতে শফির ফুল! তবে কি শফি চৌধুরীও হাঁটছেন ইনাম চৌধুরীর দেখানো পথে? তিনিও কি যোগ দিচ্ছেন আওয়ামী লীগে! ফুলে কি তবে দল বদলের সুভাষ ছড়াবে, এমনটি এখন সিলেট জুড়ে আলোচনায়।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) রাতে নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট-৩ আসনে (দক্ষিণসুরমা-ফেঞ্চুগঞ্জ) বিএনপির পরাজিত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফি আহমদ চৌধুরী। এর পর পর এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা। কেউ কেউ এটিকে সাধুবাদ জানালেও শফি চৌধুরীও ইনাম আহমদ চৌধুরীর পথ ধরে হাঁটছেন কি না এ নিয়ে রয়েছে কৌতূহল।

এদিকে ড. একে আব্দুল মোমেনের ঘনিষ্ঠজনদের পক্ষ থেকে দেখা করার বিষয়টি নিশ্চিত করা হলেও কী কারণে দেখা হয়েছে বা কী কথা হয়েছে সে ব্যাপারে কিছু জানাতে পারেননি তারা।

তবে শফি আহমদ চৌধুরী নির্বাচনের সময়ে গ্রেপ্তার নেতাকর্মীদের ছাড়ানোর অনুরোধ করতে তিনি মোমেনের কাছে গিয়েছিলেন জানিয়ে বলেন, সৌজন্য সাক্ষাৎ কিংবা রাজনৈতিক কোনো ফায়দা লাভের উদ্দেশ্যে আমি মোমেনের বাসায় যাইনি। সিলেটের একজন মন্ত্রী হিসেবে আমি তার কাছে গিয়েছিলাম যাতে নির্বাচনের জের ধরে আমার যেসব নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে এবং আমার যেসব নেতাকর্মী এখনও কারাগারে বন্দি আছে তাদের যেনো ছেড়ে দেওয়া হয়। এসব অনুরোধ করতেই আমি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম।

আওয়ামী লীগে যোগদান করছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, মোমেনের সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে সত্য। মোমেনের সঙ্গে দেখা করেছি বলেই যে আমি আওয়ামী লীগে যোগদান করেছি, এ রকম প্রোপাগান্ডা সত্য নয়। আমি এর আগেও এরশাদ সরকারের আমল ছাড়াও অন্য সরকারের আমলেও মন্ত্রিত্বের প্রস্তাব পেয়েছিলাম। আমার রক্তে বিএনপি। বিএনপি ছাড়া অন্য কোনো দলের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা চিন্তা করতে পারি না।

এদিকে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ‘শফি সাহেবের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে এবং সকালে দেখাও হয়েছে। তিনি আমাকে বলেছেন, মোমেন সাহেবের ভাইয়ের সঙ্গে তার ভালো সম্পর্ক। সেই সম্পর্কের কারণেই দেখা করতে গিয়েছেন। তবে দেখা করে কি কথা বলেছেন তা আমার জানা নেই।’

এতে বিএনপির সাংগঠনিক ক্ষতি হবে কিনা এমন প্রশ্নের জবাবে আলী আহমদ বলেন, ‘মূলত সৌজন্যতাবশত সাক্ষাৎ। এখন বিষয়টিকে কে কিভাবে নেবে তা বুঝতে পারছি না।’

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে সিলেট-১ আসনে বিএনপি থেকে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়া ইনাম আহমদ চৌধুরীও তৎকালীন অর্থমন্ত্রী আব্দুল মুহিত ও ড. একে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন। পরবর্তীতে চূড়ান্ত মনোনয়ন না পেয়ে তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। এবার শফি চৌধুরী ড. মোমেনকে ফুলেল শুভেচ্ছা জানানোর পর আবার সেই আলোচনাই উঠে এসেছে। ইনাম চৌধুরী মতো তিনিও কি দলবদলের পথ খুঁজছেন এমন প্রশ্নও উঁকি দিচ্ছে সিলেটের রাজনৈতিক অঙ্গনে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.