Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে প্রতিপক্ষের হামলায় নিহত ১

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৭ জানুয়ারী, ২০১৯

সিলেটের গোয়াইনঘাটে বাড়ীর সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ১জন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন। বুধবার (১৬ জানুয়ারি) উপজেলার আলীরগাঁও ইউনিয়নের খাষমৌজা গ্রামে এ ঘটনা ঘটে।

হামলায় নিহত কুতুব আলী (৩৫) উপজেলার খাষমৌজা গ্রামের নুরু উদ্দিনের পুত্র।

এ ঘটনায় আহতরা হলেন, নূর উদ্দিন (৬২) ছেলে কবির আহমদ (৩৩), নাতি মামুন (১০), জলিল (৭০), তার স্ত্রী সফিনা বিবি (৬৫), ছেলে বশির (৩৫) শরীফ (৩০)। অন্য আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, খাষমৌজা গ্রামের নূর উদ্দিন ও আব্দুল জলিলের মধ্যে বাড়ীর ভূমি এবং সীমানা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ ছিল। এরই জের ধরে বুধবার সকালে নূর উদ্দিন মিয়ার বাঁশের ঝাড় থেকে জলিল মিয়ার পুত্র শরীফের নেতৃত্বে কয়েকজন জোরপূর্বক বাঁশ কাটতে শুরু করেন।

এসময় নূর উদ্দিন মিয়ার পুত্র কুতুব আলী বাঁধা দিলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায় শরীফের নেতৃত্বে তার সহযোগিতা কুতব আলীর উপর হামলা চালায়। এসময় কুতব আলীর ভাই কবির ও পিতা নূর উদ্দিন আসলে তাদের উপর ও হামলা চালিয়ে গুরুতর আহত করে।

এসময় গ্রামের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। গ্রামের লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে কুতুব আলী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল জানান, উভয় পক্ষের সংঘর্ষে ১জন নিহতের খবর পেয়েছি, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত কুতুব আলীর দিন মজুরের কাজ করতেন, পরিবার ও আত্মীয় স্বজনের আর্থিক সহযোগিতায় তিনি চলতি মাসের ২৪ তারিখ প্রবাসে (ওমান) যাওয়ার কথা ছিল এবং তিনি সেখানকার ভিসাও পেয়ে গেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.