Sylhet Today 24 PRINT

মেডিকেল রোডের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ১৭ জানুয়ারী, ২০১৯

মেয়াদোত্তীর্ণ ও অধিক মূল্যে ওষুধ বিক্রির দায়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ সড়কের দুই ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে র‌্যাব-৯ ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালায়। অভিযানে দুই ফার্মেসিকে দেড়লাখ টাকা জরিমানা করা হয়।

ওসমানী মেডিকেল এলাকার ফার্মেসিগুলোর বিরুদ্ধে অনেকদিন ধরেই নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অনিয়মের প্রেক্ষিতে বৃহস্পতিবার অভিযানে নামে র‌্যাব। অভিযানে অভিযোগের সত্যতাও পায় আদালত। ফার্মেসিতে মেয়াদ পেরোনোর পরও ওষুধ বিক্রি ও অধিক দামে ওষুধ বিক্রির প্রমাণ পায় আদালত।

হাসপাতাল রোডের হেনা ফার্মেসিকে এক লাখ টাকা ও সুমাইয়া মেডিসিন কর্নারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকারী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিসিল জানান, দালালদের মাধ্যমে রোগীদের জিম্মি করে এসব ফার্মেসি মেয়াদোত্তীর্ন ও অধিক মূল্যে ওষুধ বিক্রির অভিযোগ ছিল। অভিযানে এই অভিযোগের সত্যতা পেয়ে দুইটি ফার্মেসিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.