Sylhet Today 24 PRINT

কদমতলীতে বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ২৯ জুলাই, ২০১৫

নগরীতে বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল আহমদ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে নগরীর ২৬নং ওয়ার্ডের কদমতলী স্বর্ণশিখার ৪৫নং বাসায় এ ঘটনা ঘটে।

নিহত রাসেল আহমদ ওই বাসার ফজলু মিয়ার ছেলে ও কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র।

স্থানীয় সূত্র জানায়, একই বাড়িতে শিশু রাসেলের চাচার বিয়ে উপলক্ষে গেটে আলোকসজ্জা করা হয়। ঘটনার সময় খেলার ছলে গেটে চড়ে উপরে উঠলে, আলোকসজ্জার বাতির লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয় রাসেল।

স্বজনরা তাকে উদ্ধার করে নগরীর একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর তৌফিক বক্স লিপন নিহতের বাড়িতে গিয়ে স্বজনদের সান্ত্বনা দেন। নিহত শিশুর মরদেহ বিনা ‍ময়না তদন্তে দাফনের প্রক্রিয়া চলছে বলে জানান নিহতের স্বজনরা।

এ ব্যাপারে জানতে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.