Sylhet Today 24 PRINT

নৌকা চাইলেন শ্রীমঙ্গলের পারভীন চৌধুরী

উপজেলা নির্বাচন

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২০ জানুয়ারী, ২০১৯

নৌকা প্রতীক নিয়ে আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছেন ৩নং শ্রীমঙ্গল সদরের সাবেক সদস্য ও নারীনেত্রী পারভীন চৌধুরী।

রোববার (২০ জানুয়ারি) শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নৌকা মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণের এমন ইচ্ছার কথা প্রকাশ করেন তিনি।

তিনি লিখিত এক বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা দলীয় ইস্তেহারে নারী সমাজের উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেন। নারীদের উন্নয়নে এবং সমাজের সেবার মানসে তিনি আওয়ামীলীগ সরকারের উদ্দেশ্য ও পরিকল্পনা বাস্তবায়নে নিজেকে নিয়োজিত করতে আগ্রহী।

মনোনয়ন পেলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিশাল বিজয়ের ধারাবাহিকতা উপজেলা পর্যায়ে ধরে রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ নির্বাচনী এলাকার অবিসংবাদিত নেতা ড. মো. আব্দুস শহীদ এমপির বিপুল জয়ে দলের জন্য কাজ করতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন।

শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ফরিদ আহমেদ চৌধুরীর পুত্রবধূ পারভীন চৌধুরী সামাজিক কাজে অসামান্য অবদানের জন্য জয়ীতা পুরষ্কারে ভূষিত হন। তিনি সমাজসেবার পাশাপাশি চাকুরী করছেন এনজিও সীমান্তিক এ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.