Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গল সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে স্টুডেন্ট সোসাইটি

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২১ জানুয়ারী, ২০১৯

দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বিশেষ করে চা শ্রমিক সন্তানদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয় ‘ফুলকলিদের আনন্দ’ শিরোনামে এক অনুষ্ঠানের।

শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং বিনোদনের জন্য ফানুস খেলা, গান, নৃত্য এবং কবিতা আবৃতির পাশাপাশি মিড ডে মিলের আয়োজন ছিল এ অনুষ্ঠানে। এসব প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন এবং ইভেন্টে অংশগ্রহণকারী ৫০ জন দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরন করা হয়।

শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ শামীম মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নাদির হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা আওয়ামীলীগের রাজশাহী মহানগর শাখার সভাপতি সালমা রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের নির্বাচন পরিচালনা উপ-কমিটির সমন্বয়ক রায়হান কবির, বিডি জবস লিমিটেডের সাবেক প্রশাসনিক কর্মকর্তা নীড়া সরকার, ফুলছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জলি দেব এবং একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা নাজমা আক্তার, রাশিদা বেগম ও জয়শ্রী বুন প্রমুখ।

উল্লেখ্য, শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটি ২০১৪ সালের ২৩ জানুয়ারি প্রতিষ্ঠালাভের পর থেকে বিভিন্ন সমাজ সেবা মূলক কর্মকান্ড চালিয়ে যাবার পাশাপাশি দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে ইতোমধ্যে ১০ টি চা-বাগান স্কুলে ইভেন্ট আয়োজনের মাধ্যমে প্রায় ৫০০ জন দরিদ্র শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দিতে সক্ষম হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.