Sylhet Today 24 PRINT

মহানগর পুলিশের পৃথক অভিযানে ডাকাতসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক |  ২৩ জানুয়ারী, ২০১৯

১১ মামলার আসামি আব্দুল হামিদ

সিলেট মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ডাকাতসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুর থেকে রাত পর্যন্ত পৃথক এ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৩ জানুয়ারি) রাতে গণমাধ্যমে প্রেরিত ও মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিলেট মেট্রোপলিটন পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ মামলার আসামি আব্দুল হামিদ চৌধুরী ইকবালকে (৫৫) রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে, ১০ মামলার আসামি ডাকাত মোখলেছুর রহমানকে (৩৫) নগরীর কুশিঘাট এলাকা থেকে, রিপন মিয়াকে (২৫) নগরীর ক্বিন ব্রিজ এলাকার জালালাবাদ পার্কের সামনে থেকে ও রুবেল আহমদ (২৩) নগরীর বন্দর বাজারের মহাজনপট্টি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ছবি: ডাকাত মোখলেছুর রহমান

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তারের হওয়া রিপন মিয়ার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও রুবেল আহমদের কাছ থেকে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটক দুই ব্যক্তিকে আসামী করে কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের করা হয়।

এছাড়া ১১ মামলার আসামি আব্দুল হামিদ চৌধুরী ইকবালকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় সিলেট কোতোয়ালি থানা পুলিশ গ্রেপ্তার করে সকালে সিলেট আনা হয় ও ১০ মামলার আসামি ডাকাত মোখলেছুর রহমানকে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানা পুলিশ গ্রেপ্তার করে। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.