Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে পানের দামে আগুন

হৃদয় দাশ শুভ, শ্রীমঙ্গল |  ২৪ জানুয়ারী, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পানরসিকদের জন্য পানের দাম বিগত পনের দিন ধরে বেশ চড়া। বৃহত্তর সিলেটের বেশীরভাগ মানুষ পান খেতে পছন্দ করেন। ঐতিহ্যগতভাবে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে পানের ব্যবহার রয়েছে আবহমানকাল ধরে। বিয়ে, শাদিসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বাহারি পানের ব্যবহার লক্ষণীয়। বিশেষ করে শীতের সময়ে বিবাহের হার বেড়ে যায় পাশাপাশি পানের ব্যবহারের হারও বৃদ্ধি পায়। বিগত দু’সপ্তাহ ধরে শ্রীমঙ্গলে পানের দাম অতীতের যেকোন সময়ের চেয়ে বৃদ্ধি পেয়েছে।

বর্তমানে শ্রীমঙ্গল বাজারে পানের মান ভেদে প্রতি কান্তা (বিরা) পানের দাম ১৭০ টাকা থেকে ২২০ টাকা পর্যন্ত বিক্রয় হচ্ছে। স্থানীয়ভাবে উৎপাদিত খাসিয়া পান দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় হয়। শ্রীমঙ্গলে সাধারণত বাংলা পান ও বরিশালের পান ব্যবহারির সংখ্যা বেশী। বর্তমানে, একটি পানের অর্ধেক পান ও সুপারি পাঁচ টাকায় বিক্রয় হচ্ছে এবং আস্ত পান ও সুপারি আট টাকায় বিক্রয় হচ্ছে। এছাড়া, অপেক্ষাকৃত ছোট পান ও বেশ পূর্বে চয়ন করা পানের দামও চড়া।

জানা যায়, পান ব্যবসাকে কেন্দ্র করে একটি সিন্ডিকেট কারসাজি করে দাম বাড়ানোতে ব্যবসায়ীদের বাধ্য করছে। এই সিন্ডিকেটটি, পান বাজারে প্রবেশের পূর্বেই নিজেদের আয়ত্তে রেখে দিয়ে বাজারে কৃত্রিমভাবে পানের সংকট ঘটিয়ে পানের বাজার চড়া হতে ভূমিকা রাখছে। এ বিষয়ে ক্রেতারা ভোক্তা অধিকার অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করছেন। এছাড়া ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট দোকানের ও রাস্তার পাশের টং দোকানের পান ব্যবসায়ী ও খুচরা পান ব্যবসায়ীরা। পুঁজির অভাবে এবং দাম বেড়ে ক্রেতা কমে যাওয়ায় অনেকের প্রাত্যহিক রোজগার আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) শ্রীমঙ্গলের চৌমুহনী এলাকায় দুপুরে এক খুচরা পান – সুপারী বিক্রেতার সাথে ক্রেতার শোরগোল শুনে গিয়ে দেখা যায়, ক্রেতাকে বিক্রেতা পান কম দেওয়ার কারণ ব্যাখ্যা করে যথাসাধ্য বুঝানোর চেষ্টা করছেন আর অসন্তুষ্ট ক্রেতা পানের দামের জন্য নিজের ক্ষোভ প্রকাশ করছেন। তিনি বলেন, ‘হঠাৎ করে পানের দাম অত্যন্ত বেড়ে যাওয়ার পেছনে কারো না কারো হাত রয়েছে, না হয় এরকম দাম বেড়ে যাওয়ার কোন উপলক্ষ থাকতে পারে না। দাম বাড়ার সুযোগ নিয়ে খুচরা ব্যবসায়ীরা ছোট আকারের অর্ধেক পান ও সুপারির দাম ৫ টাকা হাঁকাচ্ছেন।

ওইদিন দুপুরে শ্রীমঙ্গল নতুন বাজারের পান ব্যবসায়ী রাজন দেব ও নিখিল দেবনাথ বলেন, প্রতি কান্তা ছোট রাজশাহীর পান ৬০ – ১০০, বড় পান ১৪০ - ১৬০ টাকা, বরিশালের পান মান ভেদে ১৫০ – ২২০ টাকা, খাসি পান ১৫০ – ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। দাম কমার কোন লক্ষণ দেখা যাচ্ছে না।

খুচরা ব্যবসায়ী জিতেশ বলেন, বাজারে পানের বাজারে আগুন। আমাদেরকে অধিক দাম দিয়ে পান কিনে এনে বিক্রি করতে হয়। তাছাড়া বিভিন্ন তামাকজাতীয় পন্য – জর্দ্দা, ইত্যাদির দাম বেড়ে যাওয়ায় এক খিলি পান পাঁচ টাকায় বিক্রি করলে লাভ বলে কিছুই থাকে না বলে জানান এ কিলি পান বিক্রেতা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.