Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে স্ত্রীকে ‘শ্বাসরোধে হত্যা’, স্বামী আটক

জকিগঞ্জ প্রতিনিধি |  ২৪ জানুয়ারী, ২০১৯

সিলেটের জকিগঞ্জে দুই সন্তানের জননী রুমানা বেগম (৩০) কে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে স্বামী হানু মিয়ার (৪৫) বিরুদ্ধে। এদিকে ঘটনাটিকে ধামাচাপা দিতে হত্যার পর স্ত্রীকে মুখে বিষ ঢেলে দিয়ে হাসপাতালে নিয়ে যান স্বামী।

পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা রুমানার শরীরে আঘাতের চিহু দেখে পুলিশকে খবর দিলে পুলিশ হাসপাতাল থেকে স্বামীকে আটক করে।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার কসকনকপুর ইউনিয়নের হানিফগ্রামে এ ঘটনাটি ঘটে বলে জানান, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।

তিনি জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায়, নিহত রুমানার গলায়, গালে আঘাতের চিহু রয়েছে। পরে স্বামীকে আটকের পর সে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে। স্ত্রী স্বামীর কথাবার্তা না শুনার কারণে রাগের মাথায় গলা টিপে ধরেন। ঘটনাস্থলেই রুমানা মারা যান।

নিহত রুমানার বাবার বাড়ি একই উপজেলার বারঠাকুরি ইউনিয়নের বারগাত্তা গ্রামে। তার পিতার নাম আব্দুল লতিফ। সুহাদা আক্তার(৫) ও আশরাফুল ইসলাম নামে ৫ মাসের দুটি শিশু সন্তান রয়েছে রুমানার।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. খালেদ আহমদ জানান স্ত্রীকে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রুমানার মুখে কীটনাশকের গন্ধ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে হত্যার পর মুখে কীটনাশক ঢালে স্বামী। থানা পুলিশকে জানালে ঘাতক স্বামী হানু মিয়াকে আটক করে পুলিশ। হানু মিয়া হানিগ্রামের পেচাই মিয়ার ছেলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.