Sylhet Today 24 PRINT

তিনমাসের মাথায় তুষারের ‘স্থায়ী বহিস্কারাদেশ’ প্রত্যাহার করল ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক |  ২৬ জানুয়ারী, ২০১৯

সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল তুষারকে স্থায়ী বহিস্কার করার তিনমাসের মধ্যে তা প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

শুক্রবার ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তুষারের বহিস্কারাদেশ প্রত্যাহারের কথা জানানো হয়।

এরআগে গতবছরের ২১ অক্টোবর এই দুই নেতাই আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে তুষারকে স্থায়ী বহিস্কার করার কথা জানিয়েছিলেন। সেই বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী উল্লেখ করেছিলেন- 'সংগঠনের নীতি আদর্শ পরিপন্থী নৈতিক স্খলনজনিত গুরুতর অভিযোগের সত্যতা পাওয়ায় আব্দুল আলীম তুষারকে স্থায়ী বহিস্কার করা হলো'।

একইদিনে সিলেট মহানগর ছাত্রলীগের নতুন কমিটি বিলুপ্ত ঘোষণা করা করে কেন্দ্রীয় কমিটি। সেসময় জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংগঠনের কার্যক্রম ত্বরান্বিত করতে মহানগর কমিটিতে পদপ্রত্যাশীদের সিভি আহ্বান করা হয়। ১ নভেম্বরের মধ্যে তাদের সিভি প্রদান করতেও বলা হয়েছিলো।

শুক্রবার তুষারের বহিস্কারাদেশ তুলে নেওয়ার কথা জানানো হলেও মহানগর ছাত্রলীগের কমিটি নিয়ে কিছু জানাননি কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক।

কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের জরুরী সিদ্ধান্ত মোতাবেক তুষারের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানান তারা।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২০ জুলাই আব্দুল বাছিত রুম্মানকে সভাপতি ও আব্দুল আলীম তুষারকে সাধারণ সম্পাদক করে মহানগর ছাত্রলীগের ৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিলো। সাড়ে ৩ বছর দায়িত্বে থাকলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেন নি তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.