নিজস্ব প্রতিবেদক | ২৯ জুলাই, ২০১৫
সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন হত্যাকাণ্ডে দায়িত্বে অবহেলার দায়ে সাময়িক বরখাস্ত হওয়া তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে তিন কর্মকর্তাকে বুধবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ কমিশনার রহমত আলী জানিয়েছেন, সিলেটের জালালাবাদ থানার সাবেক পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেনকে পুলিশ সদর দপ্তর থেকে ও উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ও জাকির হোসেনকে এসএমপির পক্ষ থেকে সশরীরে হাজির হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য সাতদিনের সময় দেওয়া হয়েছে।
এদিকে বরখাস্ত হওয়া আলমগীর হোসেন রংপুর রেঞ্জে ও এসআই আমিনুল ইসলাম ও জাকির হোসেন সিলেট মহানগর পুলিশ লাইনে রয়েছেন। এর আগে গত ২৭ জুলাই আলমগীর এবং ২৪ জুলাই এসআই আমিনুল ও জাকিরকে সাময়িক বরখাস্ত করা হয়।
গত ৮ জুলাই সিলেট শহরতলির কুমারগাঁওয়ে চুরির অপবাদ দিয়ে শিশু রাজনকে খুঁটির সঙ্গে বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ সময় মুঠোফোনে নির্যাতনের ভিডিওচিত্রও ধারণ করা হয়।