Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৬ জানুয়ারী, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জে বৈদ্যুতিক ছেঁড়া তারে জড়িয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জানুয়ারি) সকালে আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ছাত্রের নাম ইকরাম উদ্দিন (১৪)। সে মধ্যভাগ গ্রামের শফিকুর রহমানের ছেলে ও স্থানীয় এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলো।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মধ্যভাগ এলাকায় শনিবার সকালে দোকানে যাওয়ার পথে ব্যাটমিন্টন খেলার জন্য মাঠের মধ্যে নেয়া বৈদ্যুতিক লাইনের তারে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই ইকরাম নিহত হয়। পরে খবর পেয়ে সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ থানার এসআই বেলায়েত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ইকরামের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের পরই বুঝা যাবে আসল ঘটনা কি। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.