Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে কেক কেটে শিশুবরণ

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৬ জানুয়ারী, ২০১৯

শিশু শিক্ষার্থী জান্নাত, নতুন পোশাক পড়ে বিদ্যালয়ে এসেছে। তাকে জিজ্ঞেস করা হলো তুমি বড় হয়ে কি হবে? চটাচট সে উত্তর দিল আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। শুধু জান্নাত নয় বিদ্যালয়ের শিশু শ্রেণীর প্রতিটি শিক্ষার্থী আজ অনেক সাজগোছ করে এসেছে। তাদের সবাই অনেক খুশি। রং বেরঙের বেলুন দিয়ে সাজানো হয় তাদের শ্রেণী কক্ষ, আনা হয়েছে কেকও। গতকাল শনিবার সকাল ১০টায় ফুলবাড়ি ইউনিয়নের ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় এমন মনোমুগ্ধকর দৃশ্য।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহেলা বেগমের সাথে আলাপ করে জানা যায়, আজ শিশু শ্রেণীর শিক্ষার্থীদের বরণ উৎসব। এরই মধ্যে উপস্থিত হলেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ সরকার। তিনি অভিভাবক, শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিশুরা আগামীর ভবিষ্যৎ। এখন থেকেই তাদের নৈতিক শিক্ষা দিতে হবে। শিক্ষার ভিত্তি হচ্ছে শিশু শ্রেণী। ভিত্তি যত শক্ত হবে শিশুদের ভবিষ্যৎ তত সুন্দর হবে।

ইউপি সদস্য আব্দুর রাজ্জাক রেজার সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক সায়রা বেগমের পরিচালনায় বিশেষ অতিথি  ছিলেন সহযোগী অধ্যাপক শ্রীমঙ্গল সরকারি কলেজ আব্দুল সাজিদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক আব্দুল আজিজ, প্রধান শিক্ষক রাহেলা আক্তার, শিক্ষানুরাগী ফখর উদ্দিন, মহিলা শিক্ষানুরাগী সুলতানা ইয়াসমিন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম বুদুর, শিক্ষক রেহেনা বেগম, জান্নাত আরা জেবিন, ফাতেহা ইয়াসমিন , শিল্পী রানী দাশ প্রমুখ।

এদিকে সংক্ষিপ্ত সভা শেষে কেক কেটে অনাড়ম্বর আয়োজনের মধ্যদিয়ে শিশু শ্রেণির শিশুদের বরণ করে নেয়া হয়। এসময় এসময় উপস্থিত উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ সকলে শিশুদের মুখে কেক তুলে দেন

শিশু শ্রেণীর ইবানা আক্তার নামের এক অভিভাবক জানান, আগে শিশুরা বিদ্যালয়ে আসতে ভয় পেত। এখন সকাল হলেই তারা বিদ্যালয়ে আসার জন্য ব্যাকুল হয়ে পড়ে। বিদ্যালয়ে তাদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন বিনোদন, অনুষ্ঠানের আয়োজনের ফলে বিদ্যালয়ের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.