Sylhet Today 24 PRINT

নগরীতে ট্রাফিক সদস্যকে পেটানোর ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক |  ২৭ জানুয়ারী, ২০১৯

ছ‌বি : মিঠু দাস জয়

সিলেট নগরীতে দায়িত্ব পালনরত অবস্থায় ট্রাফিক সদস্যকে পেটানোর ঘটনার তানজিল আহমদ নামের সেই সরকারি ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার রাতেই আহত ট্রাফিক কনস্টেবল মোহাম্মদ আলী নিজে বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন বলে সিলেটটুডে টোয়েন্টিফোরকে রোববার (২৭ জানুয়ারি) দুপুরে নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা।

তিনি জানান, ট্রাফিক পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করার ঘটনায় তানজিল আহমদকে আসামি করে গতকাল (শনিবার) কোতোয়ালি থানায় মামলা (৩১(২৬/০১/২০১৯) দায়ের করা হয়েছে। সেই সরকারি ব্যাংক কর্মকর্তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর চৌহাট্টায় তানজিল আহমদ নামের এক ব্যাংক কর্মকর্তা মোটর সাইকেল নিয়ে চৌহাট্টা থেকে জিন্দাবাজারের দিকে যেতে চাইলে কর্তব্যরত ট্রাফিক সদস্য তাকে বাধা প্রদান করেন। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ট্রাফিক সদস্যের হাত থেকে লাঠি নিয়ে তাকে বেধড়ক মারধর শুরু করেন।পরবর্তীতে ঐ ব্যাংক কর্মকর্তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

অন্যদিকে মারাত্মক আহত অবস্থায় ট্রাফিক কনস্টেবল আলীকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওসমানী হাসপাতালের ২৯ নং ওয়ার্ডের বিএক্স-১৪ নং বেডে চিকিৎসাধীন আছেন।

বি এম তানজিল আহমদ নামের ওই কর্মকর্তা সুনামগঞ্জ জেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক বলে জানা গেছে। এছাড়াও তিনি 'একটি বাড়ি একটি খামার' প্রকল্পের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.