শ্রীমঙ্গল প্রতিনিধি | ২৭ জানুয়ারী, ২০১৯
‘বৈষম্য, অপবাদ আর কুসংস্কার কুষ্ঠ রোগের প্রতি না থাকুক আর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে বিশ্ব কুষ্ঠ দিবস।
রোববার (২৭ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের ফুসকুঁড়ি চা বাগানে বেসরকারি সংস্থা দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল ও হিড বাংলাদেশের যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে ফুসকুঁড়ি চা বাগানের মন্দির প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বাগানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে ফুসকুঁড়ি চা বাগানের মন্দির প্রাঙ্গণে ফুসকুঁড়ি চা বাগান হাসপাতালের মেডিকেল এ্যাসিস্টেন্ট রঞ্জন দাশের সভাপতিত্বে ও হীড বাংলাদেশের প্রকল্প পরিচালক পঞ্চম কৈরীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী ৷
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "২০০০ সালে বিশ্ব কুষ্ঠমুক্ত হয়েছে। ১০ হাজার মানুষের মধ্যে যদি কুষ্ঠ আক্রান্তের হার এক এর নিচে হয় তাহলে তা হুমকি নয় এবং কুষ্ঠ নির্মূল হয়েছে বলে ধরে নেয়া হয়। ১৯৯৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই লক্ষ্যমাত্রা পূরণ করেছে বাংলাদেশ। তবে এখনও ব্রাজিল, ভারতসহ কয়েকটি দেশ এই লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়নি। শ্রীমঙ্গলে কুষ্ঠ রোগী শনাক্ত করে হিড বাংলাদেশ ও দি লেপ্রসি মিশনের সহযোগিতায় চিকিৎসা দেওয়া হচ্ছে।"
এ রোগ সম্পর্কে সবার মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করা হচ্ছে বলেও জানান সংশ্লিষ্টরা।