Sylhet Today 24 PRINT

সিলেটে ৫১জন কুষ্ঠ রোগী সনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ২৭ জানুয়ারী, ২০১৯

সিলেট বিভাগে ৫১ জন কুষ্ঠ রোগী সনাক্ত করেছে সরকারের ‘জাতীয় কুষ্ঠ উচ্ছেদ’ কর্মসূচির সহযোগী প্রতিষ্ঠান দ্যা লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল।

রোববার (২৭ জানুয়ারি) লাক্কাতুরা চা-বাগানে চা-জনগোষ্ঠীদের মাঝে কুষ্ঠ রোগ রোধকল্পে উন্মুক্ত আলোচনায় সিলেট বিভাগের কুষ্ঠ নিয়ন্ত্রণ কর্মকর্তা পরেশ চন্দ্র দেবনাথ এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, "এখন পর্যন্ত পৃথিবীব্যাপী জনস্বাস্থ্যের জন্য এ রোগটি হুমকি হিসেবে বিরাজ করছে। তাই এটি নির্মূল ও প্রতিরোধের জন্য বাংলাদেশ সরকার সহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আক্রান্ত দেশসমূহ একযোগে কাজ করছে।"

তিনি বলেন- "ভয়, কুসংস্কার এবং লজ্জার কারণে আক্রান্তরা এটিকে প্রকাশ করতে চান না। চিকিৎসা গ্রহণে কুণ্ঠাবোধ করেন। এর থেকে বেরিয়ে আসার জন্য সাধারণ মানুষের মাঝে কুষ্ঠ রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো উচিত। যাতে তারা এই রোগ চিনতে পারে এবং চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করে।"

নারীদের চেয়ে পুরুষরা এ রোগে আক্রান্ত হয় বেশি উল্লেখ করে পরেশ চন্দ্র দেবনাথ বলেন- "সরকারি হাসপাতালে বিনামূল্যে এর চিকিৎসা করা হয়। তাছাড়া সরকারি ও এনজিওগুলোর মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবার পরিকল্পনার কাজের সময় কুষ্ঠ রোগেরও স্ক্যানিং করে। এতে সহজেই রোগী শনাক্ত করা সম্ভব।"

আরো বক্তব্য রাখেন, ডা. রক্ষা বিজয় ভট্টাচার্য্য, অন্যান্যের মধ্যে উপস্থিত লাক্কাতুরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বাবলী টার্নবুল, শিক্ষক রঞ্জন বার্হগা, হীড বাংলাদেশ সুনমাগঞ্জ জেলার লেপ্রসি কন্ট্রোল সুপারভাইজার মো. মাহমুদ আলী প্রমুখ।

“বৈষম্য, অপবাদ আর কুসংস্কার, কুষ্ঠরোগের প্রতি না থাকুক আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারের ‘জাতীয় কুষ্ঠ উচ্ছেদ’ কর্মসূচির সহযোগী প্রতিষ্ঠান হীড বাংলাদেশ ও দ্যা লেপ্রসি মিশন ইন্টারন্যাশনালের উদ্যোগে কুষ্ঠ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আলোচনা সভা শেষে এক র‌্যালি বাগানের বিভিন্ন ফটক প্রদক্ষিণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.