Sylhet Today 24 PRINT

আখালিয়ায় ছাত্রলীগের দু'গ্রুপে সংঘর্ষে আহত ১০, সাবেক সহ সভাপতিসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক |  ২৯ জুলাই, ২০১৫

সিলেট নগরীর আখালিয়া এলাকায় ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে সংঘাতকারীরা। সংঘর্ষ থামাতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলিবর্ষণ করে। ঘটনাস্থল থেকে আটক করা হয় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতিসহ ৫ জনকে।

জানা যায়, বুধবার রাত ১০ টায় আখালিয়ার বাহ্মণশাসন এলাকায় সাবেক কাউন্সিলর ও মহানগর যুবলীগের সাবেক সভাপতি জগদীশ চন্দ্র দাশ ও ইমরান আহমদ অনুসারীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ বাঁধে। এসময় পুলিশের উপস্থিতিতে এক পক্ষ আরেক পক্ষের দিকে ইট পাটকেল নিক্ষেপ করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত হয় অন্তত ১০ জন।

প্রায় আধঘন্টা ব্যাপী সংঘর্ষ চলাকালে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় আধা কিলোমিটার সড়কজুড়ে তান্ডব চালায় সংঘাতকারীরা। ভাংচুর করে অন্তত ৩ টি মোটর সাইকেল ও একটি প্রাইভেট কার।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ফাঁকা গুলিবর্ষণ ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে আটক করা হয় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলামসহ ৫ জনকে।

রাত ১১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আখালিয়া এলাকায় আতঙ্ক বিরাজ করছিলো। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন জানান, সংঘর্ষ থামাতে ফাঁকা গুলি করা হয়েছে ও ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.