Sylhet Today 24 PRINT

চালকের লাইসেন্স থাকলেই পুলিশের ফুল

নিজস্ব প্রতিবেদক |  ২৯ জানুয়ারী, ২০১৯

চালকের লাইসেন্স না থাকলে দেয়া হচ্ছে লাইসেন্স ফরম আর লাইসেন্স থাকলে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন স্বয়ং পুলিশ কমিশনার। দৃশ্যটি মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে নগরীর চৌহাট্টা এলাকার।

পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে সড়কে শৃঙ্খল ফেরাতে চালকদের সচেতন করার পাশাপাশি যেসব চালকদের লাইসেন্স নেই তাদের লাইসেন্স করাতে উদ্বুদ্ধ করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে এমন বিশেষ উদ্যোগ। এ উপলক্ষে নগরীর চৌহাট্টা পয়েন্টে চলছে চালকদের লাইসেন্স যাচাই। গাড়ি থামিয়ে যেসব চালকদের লাইসেন্স নেই তাদের দেয়া হচ্ছে লাইসেন্স করার ফরম আর যাদের আছে তাদের হাতে একটি করে লাল গোলাপ তুলে দিচ্ছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া।

এ উপলক্ষে নগরীর চৌহাট্টা এলাকায় একটি ভ্যানার টানানো হয়েছে। ভ্যানারে লেখা রয়েছে ' আপনার কি লাইসেন্স নেই? আপনি কি লাইসেন্স করতে আগ্রহী? তাহলে আজই চালে আসুন। আবেদন ফরম পূরণ করুন। বিআরটিএ কর্তৃক প্রথমে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করুণ। সহযোগিতায়- ট্রাফিক বিভাগ, সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট।'

নগরীর চৌহাট্টা পয়েন্টে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) নিকুলিন চাকমা, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) আশিদুর রহমান, টিআই (প্রশাসন) হাবিবুর রহমান প্রমুখ।    

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.