বিশ্বনাথ প্রতিনিধি | ২৯ জানুয়ারী, ২০১৯
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাই সম্পন্ন করেছে সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ। উপজেলার ৮ ইউনিয়ন ও ৭২টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও জেলা নেতৃবৃন্দের উপস্থিতি ও মতামতের ভিত্তিতে চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জনসহ মোট ৮ প্রার্থী বাছাই করা হয়।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ও প্রার্থী নির্ধারণী সভার ২য় অধিবেশনে এই আট প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
বাছাইকৃত প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদে সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এসএম নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ ও উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক আলতাব হোসেন, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সদস্য ফজর আলী মেম্বার, যুক্তরাজ্যর বার্মিংহাম আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম শামীম ও সাংবাদিক প্রণঞ্জয় বৈদ্য অপু এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল মণি কাঞ্চন চৌধুরী ও মৎস্য চাষে জাতীয় পুরস্কার প্রাপ্ত রুবা খানম।
এর আগে প্রথম অধিবেশনে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
বক্তব্যে তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মত আমরা আর নৌকার উন্নয়ন থেকে বঞ্চিত হতে চাইনা। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন যাকে দেওয়া হবে তার পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমির আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, নাজনীন হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত সরকার, সদস্য বদরুল ইসলাম জাহাঙ্গীর ও যুক্তরাজ্যের নিউহাম আওয়ামী লীগের সভাপতি মোবারক আলী।