Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি |  ৩০ জানুয়ারী, ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবিতে মানববন্ধন ও কালো পতাকা উত্তোলন কর্মসূচি পালিত হয়েছে মৌলভীবাজারে।

বুধবার (৩০ জানুয়ারি) দুপুরে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু।

সিপিবি নেতা রমাপদ ভট্টাচার্য যাদুর সঞ্চালনায় এসময় বক্তব্য দেন, সিপিবি জেলা কমিটির সভাপতি মকবুল হোসেন, যুব ইউনিয়নের জেলা সভাপতি মাশুক মিয়া, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক পিনাক দেব, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক বিপাশা দাশগুপ্তা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কলেজ শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিত নন্দী।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, "ভুয়া ভোটের নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। মানুষের মৌলিক অধিকার হরণ, রাষ্ট্রীয় অনাচারের বিরুদ্ধে কথা বললে সরকার গণতন্ত্র ও উন্নয়নের বিরোধী বলে ট্যাগ দেয়।" এরকম হাস্যকর, অদ্ভুত ও মনগড়া তথ্যদিয়ে গণরোষ বেশিদিন দমানো সম্ভব হবেনা।"

সরকারকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতারণার নির্বাচন বাতিল এবং পুনরায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.