Sylhet Today 24 PRINT

নগরীর উন্নয়নে কোন বৈষম্য হবে না: আরিফুল হক

নিজস্ব প্রতিবেদক |  ৩০ জানুয়ারী, ২০১৯

নগরীর প্রত্যেকটি এলাকায় সমতা বজায় রেখে উন্নয়ন করা হবে উল্লেখ করে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, কোন এলাকার উন্নয়নের ক্ষেত্রে কোন বৈষম্য হবে না। এখনও আমাদের অনেক সমস্যা আছে এটা যেমন সত্যি, আমাদের সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে এটাও সত্যি।

তিনি বলেন, সামগ্রিকভাবে উন্নয়নের ক্ষেত্রে সিলেট অনেক এগিয়ে আছে। তারপরও সিলেট নগরের মানুষের জীবনযাত্রার মান, আয়, স্যানিটেশন, স্বাস্থ্য সুবিধা, যোগাযোগ ব্যবস্থার মান আগের সময় থেকে ভাল থাকলেও বিভাগীয় শহর ও রাজধানীর মধ্যে দেখা যায় অনেক বৈষম্য।

বুধবার (৩০ জানুয়ারি) দুপুরে নগরীর ১৯ নং ওয়ার্ডের খাঁরপাড়া রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন শেষে স্থানীয় এলাকাবাসীর উদ্দেশ্যে মেয়র এসব কথা বলেন।

এদিনে সিলেট নগরীতে চলমান বেশ কয়েকটি উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান।

পরে মেয়র আরিফুল হক চৌধুরী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান নগরীর চালিবন্দর মরহুম এম সাইফুর রহমান স্কুল এন্ড কলেজ, কালিঘাটস্থ সুরমা নদীর পাড় সৌন্দর্যবর্ধন কাজ, ধোপাদিঘীরপাড়সহ নগরীর বিভিন্ন এলাকার চলমান উন্নয়ন  ও নগরীর মধ্য দিয়ে প্রবাহিত গোয়ালীছড়া সংস্কারের কাজ পরিদর্শন করেন।

এসময় সিসিকের ওয়ার্ড কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নাজনিন আক্তার কনা, এলাকার বিশিষ্ট মুরব্বি ও খারপাড়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জামাল আহমদ, ব্যবসায়ী আব্দুর রহমান জামিল, কার্যকরী কমিটির সভাপতি আমিনুর রহমান রানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও সকল উন্নয়ন কাজ পরিদর্শনে সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী অরবিন্দ দেব সহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.