কমলগঞ্জ প্রতিনিধি | ৩০ জানুয়ারী, ২০১৯
কমলগঞ্জে লাইসেন্স থাকলে পুলিশের ফুল আর না থাকলে মামলার কাগজ দেয়া হয়েছে চালকদের। বুধবার (৩০ জানুয়ারি) চলমান ট্রাফিক সপ্তাহর ৪র্থ দিন কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় পয়েন্টে দিনভর গাড়ির কাগজপত্র যাচাই বাছাইসহ চালকদের লাইসেন্স যাচাই করা হয়। এসময় যেসকল চালকদের বৈধ লাইসেন্স আছে পুলিশের পক্ষ থেকে তাদের দেয়া হয় একটি করে ফুল। আর যাদের লাইসেন্স নেই তাদের দেয়া হয় মামলার কাগজ।
সড়কে শৃঙ্খল ফিরাতে চলমান ট্রাফিক সপ্তাহ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চালকদের উদ্বুদ্ধ করতে এমন অভিনব পদ্ধতির উদ্যোগ নেন।
ওইদিন উপজেলার বিভিন্ন মোড়ে চালক এবং জনসাধারণের জন্য সড়কে চলাচলে বিভিন্ন সচেতনতামূলক নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। দিনভর এ কার্যক্রমে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান, এসআই বেলায়েত হোসেন, তোফায়েল হোসেন, এএসআই আনিছুর রহমান, পুলিশ ও স্কাউট টিমের সদস্যবৃন্দ।