Sylhet Today 24 PRINT

মুমিন-পলাশ সমর্থকদের হট্টগোল: প্রার্থী চুড়ান্ত করতে পারেনি আ. লীগ

কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচন

কানাইঘাট প্রতিনিধি |  ৩১ জানুয়ারী, ২০১৯

কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুই মনোনয়ন প্রত্যাশী আব্দুল মুমিন চৌধুরী ও মোস্তাবুর রহমান পলাশ সমর্থকদের হট্টগোলের কারণে কোনো সিদবধান্ত ছাড়াই শেষ হয়েছে দলের বর্ধিত সভা। উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় কোনো প্রার্থী বাছাই করা হয়নি। প্রার্থী নির্ধারনে জেলা নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিবেন বলে ঘোষনা দিয়ে শেষ হয় সভা।

সিলেট জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে বুধবার বিকেল ২টায় কানাইঘাট ডাকবাংলো প্রাঙ্গনে বিপুল সংখ্যক নেতাকর্মীদের উৎসব মুখর উপস্থিতিতে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান বলেন, আজকের বর্ধিত সভায় আপনাদের মূল্যবান মতামত শীঘ্রই জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও উপজেলা আওয়ামীলীগের তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে দলীয় প্রার্থীদের তালিকা কেন্দ্রে প্রেরন করা হবে।

বর্ধিত সভার মধ্যখানে কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান ও পুরুষ-মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা কেউ কাউকে ছাড় না দিয়ে সমঝোতায় না আসায় বর্ধিত সভায় দলীয় নির্ধারিত কাউন্সিলরদের ভোট গ্রহণ করা হয়নি।

তবে চেয়ারম্যান পদের প্রার্থী আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, সাতঁবাক ইউপির চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবুল খায়ের চৌধুরী, ছাত্রলীগ নেতা তারেক হাসান চৌধুরী, জেলা আ’লীগের নেতৃবৃন্দ দলীয় প্রার্থী নির্ধারন করতে যে সিদ্ধান্ত গ্রহন করবেন তা তারা মেনে নিবেন বলে বক্তব্য রাখেন।

আ’লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী আব্দুল মুমিন চৌধুরী বর্ধিত সভায় বড়ধরনের মিছিল নিয়ে উপস্থিত হন। মুমিন চৌধুরীর সমর্থকরা সভাস্থলে দলীয় নেতাকর্মীদের কাছে পলাশ বিরোধী লিফলেট বিতরন করতে দেখা যায়।

জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমানের বক্তব্যে শেষ হওয়ার পর মস্তাক আহমদ পলাশ ও আব্দুল মুমিন চৌধুরীকে দলীয় প্রার্থী চাই বলে তাদের সমর্থকরা পাল্টাপাল্টি মিছিল শুরু করলে সভাস্থলে কিছুটা উত্তেজনা শুরু হয়। তবে কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সভার সমাপ্তি ঘটে।

সভা শেষে ডাকবাংলো প্রাঙ্গনে মস্তাক আহমদ পলাশ তার সমর্থকদের উপস্থিতিতে চেয়ারম্যান পদে নিজের দলীয় প্রার্থীতা ঘোষনা করে বলেন, তৃণমূলের নেতাকর্মীরা আমাকে চায়, নৌকার কান্ডারী আমিই হব। বিএনপি ও জামায়াতের কোন দালালকে দলের নেতাকর্মীরা মেনে নিবে না। নেতাকর্মীদের নির্বাচনী মাঠে ঝাপিয়ে পড়ার জন্য তিনি আহ্বান জানান।

অপরদিকে দলের বিভিন্ন পর্যায়ের নেতকর্মীদের উপস্থিতিতে সভাশেষে আব্দুল মুমিন চৌধুরী উত্তর বাজারস্থ তার দলীয় কার্যালয়ে সমর্থকদের উদ্দেশ্যে বলেন, কানাইঘাট উপজেলাকে দূর্নীতিমুক্ত ও শান্তির জনপদ করতে আওয়ামীলীগের তৃণমূলের নেতাকর্মী ও ভোটাররা অবৈধ দখলদার, কালো টাকার মালিক দলে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, সন্ত্রাসের পৃষ্ঠপোষকদের প্রত্যাখান করে আ’লীগ থেকে চেয়ারম্যান পদে আমি মনোনয়ন পেলে জনগন ইনশাআল্লাহ আমাকে বিজয়ী করবে। প্রধানমন্ত্রী তাকে মনোনয়ন দিবেন বলে তিনি দৃঢ় বিশ্বাস রাখেন বলে জানান।

বর্ধিত সভায় উপজেলা আ’লীগের আহ্বায়ক সাবেক পৌর মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদের পরিচালনায় বিশেষ অথিতির বক্তব্যে রাখেন, জেলা আ’লীগের সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খাঁন, কানাইঘাটের বর্ধিত সভার দায়িত্বপ্রাপ্ত নেতা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আরমান আহমদ শিপলু সহ জেলা ও উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কানাইঘাট পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন। বর্ধিত সভার শুরুতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পত্র কিনেন ৬ জন প্রার্থী। এছাড়া  ভাইস চেয়ারম্যান পদে ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র কিনে দলের নির্বাচনী বোর্ডে জমা দেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.