Sylhet Today 24 PRINT

বানিয়াচং উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থীদের ক্ষোভ

বানিয়াচং প্রতিনিধি |  ৩১ জানুয়ারী, ২০১৯

উপজেলা নির্বাচনে কেবল চেয়ারম্যান প্রার্থী দল থেকে দেয়ার ঘোষণা দিয়ে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে কোন প্রার্থী দেয়া হবে না, এমন ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের সাধারণ সম্পাদকের এ ঘোষণার পর থেকে বানিয়াচং উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করলেও ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা।

একক প্রার্থী না দিলে দলের ভেতরে কোন্দলসহ নানা জটিলতা তৈরি হতে পারে বলেও মনে করছেন ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা।

এই বিষয়ে তৃণমূল আওয়ামী লীগের ভোটে প্রথম হওয়া ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজল চ্যাটার্জি ক্ষোভ প্রকাশ করে জানান, দলীয় প্রার্থী যদি না ই দিবে তাহলে আমাদের এতো কষ্ট করার কি দরকার ছিল। নির্বাচনের মুডটা ই নষ্ট হয়ে গেছে। প্যানেলে নাম থাকা নারী প্রার্থীরাও এই তথ্যটি জানার পর হতাশা প্রকাশ করেছেন।

অপরদিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য সোমবার তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে ভোটাভুটির আয়োজন করে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সেখানে তিনটি পদে তিনজন করে প্রার্থী নির্বাচন করেন তারা। পরবর্তী এই তালিকা জেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে হস্তান্তর করা হয়। সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারি স্বাক্ষর করে তা আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পাঠাবেন বলে জানা গেছে।

এদিকে চেয়ারম্যান পদে মনোনয় প্রত্যাশী আছেন ৩ জন। এর মধ্যে তৃণমূল কর্মীদের ভোটে প্রথম হয়েছেন বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন খান, ২য় স্থানে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ১০নং সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে অনেকটাই নীরবে নিভৃতে নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.