Sylhet Today 24 PRINT

আজ থেকে শুরু হচ্ছে ‘সিলেট বইমেলা’

সিলেটটুডে ডেস্ক |  ০১ ফেব্রুয়ারী, ২০১৯

আজ শুক্রবার থেকে সিলেট নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পক্ষকালব্যাপী ‘সিলেট বইমেলা’ শুরু হচ্ছে। প্রথম আলো বন্ধুসভা সিলেটের উদ্যোগে চতুর্থবারের মতো আয়োজিত এ মেলা আজ বেলা চারটায় উদ্বোধন হবে। মেলা উদ্বোধন করবেন একুশে পদকপ্রাপ্ত প্রবীণ লোকসংগীতশিল্পী সুষমা দাশ। এ আয়োজনে সহযোগিতায় রয়েছে সিলেট সিটি করপোরেশন।

প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। মেলার পাশাপাশি প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতাপাঠের আসর, আলোচনা সভা ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন। মেলায় ঢাকা ও সিলেটের ২২টি স্টল অংশ নিচ্ছে। এগুলো হচ্ছে প্রথমা, কথাপ্রকাশ, উৎস প্রকাশন, বাতিঘর, অন্বেষা প্রকাশন, রোদেলা প্রকাশনী, অ্যাডর্ন পাবলিকেশন, বাবুই, চৈতন্য, নাগরী, পেন্সিল প্রকাশনী, শ্রীহট্ট প্রকাশ, বাসিয়া প্রকাশনী, ঘাস প্রকাশন, পায়রা প্রকাশ, প্রাকৃত প্রকাশ, পান্ডুলিপি প্রকাশন, এক রঙা এক ঘুড়ি, জসিম বুক হাউস, শাকিল বুক সেন্টার, সিলেট বুক সেন্টার ও মারুফ লাইব্রেরি।

বন্ধুসভা সিলেটের সভাপতি শাহ সিকান্দর শাকির জানান, গত তিন বছর ধরে ধারাবাহিকভাবে সিলেটে ভাষার মাসে এ বইমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এটি এখন সিলেটবাসীর প্রাণের বইমেলা হয়ে দাঁড়িয়েছে। এবারের মেলা উৎসর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা মইনুদ্দিন আহমদ জালালকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.