শ্রীমঙ্গল প্রতিনিধি | ০১ ফেব্রুয়ারী, ২০১৯
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুইশতাধিক চা শ্রমিকদের মাঝে বিনামুল্যে চক্ষু চিকিৎসা, ওষুধ ও চশমা বিতরণ করা হয়েছে।
শুক্রবার উপজেলার জেরিন চা বাগানে এম এম ইস্পাহানি লিমিটেড আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার জেলা প্রশাসক তোফায়েল ইসলাম।
জেরিন চা বাগানের ব্যবস্থাপক সেলিম রেজার সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, মৌলভীবাজার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, এম এম ইস্পাহানী লি, টি এস্টেট ডিভিশনের চিফ অপারেটিং অফিসার (সিওও) গোলাম মোস্তফা, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়, জেরিন চা বাগান শ্রমিক পঞ্চায়েত সভাপতি নিতাই গোয়ালা প্রমুখ।
চক্ষু শিবির পরিচালনা করেন ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের এক ডজন চিকিৎসক সম্বলিত একটি বিশেষায়িত চক্ষু চিকিৎসক দল।
জেরিন চা বাগানের ব্যবস্থাপক সেলিম রেজা সিলেট টুডে টোয়েন্টি ফোরকে বলেন, চা বাগানের শ্রমিক ও তাদের পোষ্যদের বিনামুল্যে চক্ষু পরীক্ষা করে ওষুধ ও চশমা দেওয়া হচ্ছে। যদি কোন রোগীর চোখের অপারেশনের প্রয়োজন হয় বা জটিল কোন অসুখের সৃষ্টি হয় তাহলে আমরা আমাদের নিজস্ব খরচে তাদের ঢাকায় নিয়ে চিকিৎসা দেওয়া হবে।
চিকিৎসা সেবা পাওয়া চা শ্রমিক আরতি গোয়ালা বলেন, ‘ হামি খুব খুশি, হামদের কোম্পানী সাহেবরা হামাদের সব সমস্যা দেখে, আজি চোখ দেখাতে পারে করে, গগাস (চশমা) চোখে পড়ার পর সারা এলাকা ফকফকা লাগতে আছে।’