কানাইঘাট প্রতিনিধি | ০১ ফেব্রুয়ারী, ২০১৯
সিলেটের কানাইঘাটে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ও বিকেল ৪টার দিকে পৃথক এ সড়ক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
এদিন দুপুর ১২টায় উপজেলার বড়চতুল ইউপির মালীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় রোড অটোরিকশা (সিএনজি) গাড়ির ধাক্কায় ছফাই বেগম (৪৫) নামে এক নারী নিহত হন। তিনি পৌরসভার দূর্লভপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহিদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার জন্য কানাইঘাট-দরবস্ত সড়কের মালিগ্রাম বাস ষ্টেশন নামক স্থানে লেগুনা গাড়িতে উঠার সংকেত দেন। এসময় বিপরীতগামী অটোরিকশা (সিএনজি) গাড়ীর ধাক্কায় ছফাই বেগম গুরুত্বর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
অপরদিকে কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের সাতপারি গ্রামে নুরুল আলমের ছেলে রুহেল আহমদ (৭) বিকেল ৪টায় বাড়ির রাস্তায় বের হলে সিলেট-ছ-১১-২১৩৫ নাম্বারের একটি লেগুনার ধাক্কায় নিহত হয়েছে। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ শিশু রুহেলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের স্বজনেরা পৃথক পৃথক মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।