Sylhet Today 24 PRINT

সিলেট চেম্বার নির্বাচনের তফসিল ঘোষণা, ২৭ এপ্রিল ভোট

নিজস্ব প্রতিবেদক  |  ০২ ফেব্রুয়ারী, ২০১৯

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। শনিবার এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী আগামী ২৭ এপ্রিল ভোটগ্রহণ করা হবে।

শনিবার দুপুরে চেম্বারের হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে তফসিল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিজিত চৌধুরী। এ সময় নির্বাচন বোর্ড ও আপীল বোর্ডের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেটের ব্যবসায়ীদের এই সংগঠনের ২০১৯-২০২১ সাল মেয়াদের কমিটির জন্য নির্বাচনী তফসিল অনুযায়ী ২৭ এপ্রিল শনিবার ধোপাদীঘিরপাড়ের ইউনাইটেড কমিউনিটি সেন্টারে ভোটগ্রহন করা হবে। সকাল ৯টায় শুরু হয়ে শেষ হবে বিকেল ৪টায়।

এর আগে ৬ মার্চ প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ, এর বিরুদ্ধে আপীল শুনানী ও তা নিষ্পত্তি করা হবে ১৩ মার্চ, ১৬ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে।

মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৫ মার্চ। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপীল শুনানী ও নিষ্পত্তি হবে ৪ এপ্রিল, ১১ এপ্রিল প্রকাশ করা হবে বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বচ্ছ নির্বাচনের জন্য আগেরবারের মতো এবারও ভোটারের মোবাইল নম্বরসহ ভোটার তালিকা প্রণয়ন করা হবে। সাথে প্রকাশ হবে রঙিন ছবি। ভোটারদের আলাদা ভোটার আইডি কার্ডও দেওয়া হবে। কার্ডটি ১ থেকে ২০ এপ্রিলের মধ্যে চেম্বার ভবন থেকে মেম্বারশিপের কার্ড দেখিয়ে সংগ্রহ করতে হবে।

এবার চেম্বারের ৪টি সদস্য ক্যাটাগরির মধ্যে অর্ডিনারি শ্রেণী থেকে ১২ জন, অ্যাসোসিয়েট শ্রেণী থেকে ৬ জন, ট্রেড গ্রুপ থেকে ৩ জন ও টাউন অ্যাসোসিয়েশন থেকে ১ জনসহ মোট ২২ জন পরিচালক নির্বাচিত হবেন।

এদের মধ্য থেকে সভাপতি, সিনিয়র সহ সভাপতি ও সহ সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল। চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে আগামী ৪ মে।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিজিত চৌধুরী জানান, এবারের নির্বাচনে সিলেটের ১২টি উপজেলা থেকে প্রায় সাড়ে ৩হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন আপীল বোর্ডের চেয়ারম্যান, সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম।

নির্বাচনটি সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের জন্য নির্বাচন বোর্ড ও আপীল বোর্ডের সদস্যবৃন্দ সেকলেল সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের অপর দুই সদস্য অ্যাডভোকেট মো. মনির উদ্দিন ও চেম্বার সদস্য মো. ছাদেক, আপীল বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম ও দুই সদস্য এমএ হান্নান সেলিম ও এ এ এম মিরাজ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.