Sylhet Today 24 PRINT

এসএসসি পরীক্ষার ২য় দিনে সিলেটে কমেছে অনুপস্থিতির হার

নিজস্ব প্রতিবেদক |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৯

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) দ্বিতীয় দিনে এসে সিলেটে কমেছে পরীক্ষার্থীর অনুপস্থিতির হার। পরীক্ষার প্রথম দিন সিলেটে ৩১৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকলেও দ্বিতীয় দিনে এসে অনুপস্থিত ছিল ২২৬ জন পরীক্ষার্থী।

রোববার বাংলা (আবশ্যিক)  দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।  একদিন বিরতির পর আগামী মঙ্গলবার ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিন পরীক্ষা শেষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ জানান, এদিন বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয়পত্রে ৯০ হাজার ২৩ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৮৯ হাজার ৭৯৭ জন। ২২৬ জন অনুপস্থিত থাকলেও কেউ বহিষ্কার হননি।

গতকাল শনিবার শুরু হওয়া এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সিলেট বোর্ডের অধীনে ৮৯৬টি প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেয়ার কথা ১ লাখ ১৩ হাজার ১৫ জন শিক্ষার্থীর।

সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবছর পরীক্ষার্থী ছিল ৯০ হাজার ২৩ জন। এর মধ্যে প্রথম দিন উপস্থিত ছিলো ৮৯ হাজার ৭০৫ জন পরীক্ষার্থী।

এদিকে, এবছর প্রশ্নফাঁস ঠেকাতে নেয়া হয়েছে নানা পদক্ষেপ। নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীদের সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে ঢুকতে হয়েছে। আর পরীক্ষার ২৫ মিনিট আগে এসএমএসের মাধ্যমে জানানো হয় প্রশ্নপত্রের সেট কোড। কেন্দ্র সচিব ছাড়া অন্য সবার স্মার্ট ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.