Sylhet Today 24 PRINT

দেশে প্রতি বছরে ক্যান্সারে মারা যান ৮৯ হাজার মানুষ

নর্থইষ্ট ক্যান্সার হাসপাতালের সেমিনারে বক্তারা

সিলেটটুডে ডেস্ক |  ০৪ ফেব্রুয়ারী, ২০১৯

বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় কারণ হলো ক্যান্সার। বিশ্বে ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রতি মিনিটে মারা যান ১৭ জন মানুষ। গড় হিসেবে বছরে মারা যান ৯.৬ মিলিয়ন মানুষ। সেখানে বাংলাদেশে প্রতি বছরে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া লোকের সংখ্যা ৮৯ হাজার।

৪ ফেব্রুয়ারি সোমবার বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে নর্থইষ্ট ক্যান্সার হাসপাতাল আয়োজিত সেমিনারে এসব তথ্য তুলে ধরেন বক্তারা। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘আমি আছি, আমি থাকবো, আমি আপনাদের জন্য কিছু করবো’।

নর্থইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ডা: মো: আফজল মিয়ার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন নর্থইষ্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর আতফুল হাই শিবলী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্যান্সার নাম শুনলেই আমরা আত্কে উঠি। তবে ক্যান্সার যদি প্রথম অবস্থায় ধরা পড়ে এবং সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হওয়া যায় তাহলে তা নির্মূল সম্ভব। সিলেট অঞ্চলে হেড নেক ক্যান্সার রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। তার পরেই রয়েছে ওর‌্যাল ক্যান্সার রোগীর সংখ্যা। ক্যান্সার প্রথমত: জেনেটিক কারণেই হয়ে থাকে। পরিবেশগত কারণ হচ্ছে দ্বিতীয়। ক্যান্সার নির্মূলে সচেতনতার বিকল্প নেই। এ জন্য চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া রোগীরাই এ্যাম্বেসডর হিসেবে কাজ করতে পারেন। পাশাপাশি মিডিয়া শক্তিশালী ভূমিকা পালন করতে পারে।  অভিজ্ঞ চিকিৎসক ও অত্যাধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে নর্থইষ্ট ক্যান্সার হাসপাতাল এখন একটি সমৃদ্ধ প্রতিষ্ঠান। যেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা নিতে ক্যান্সার রোগীরা আসছেন।

নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা: সাব্বির হোসেনের পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন-হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী, পরিচালক এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: মনজ্জির আলী, ক্যান্সার বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: মো: মোখলেছ উদ্দিন, শিশু বিভাগের অধ্যাপক ডা: মো: আজিজুর রহমান, সার্জারী বিভাগের অধ্যাপক ডা: মীর মাহবুবুল আলম, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা: আব্দুল খালেক বড় ভূইয়া, গাইনী বিভাগের অধ্যাপক ডা: নাহিদ ইলোরা ও ডেন্টাল বিভাগের এসোসিয়েট প্রফেসর  নেক নেনো ফেসিয়াল সার্জারী বিশেষজ্ঞ ডা: এস.এম. ইমরান হোসেন।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নর্থইষ্ট ক্যান্সার হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: দেবাশীষ পাটোয়ারী। তিনি প্রজেক্টরের মাধ্যমে ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিবরণ তুলে ধরেন।

তিনি জানান, ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত মোট ৮ হাজার ১৩৮ জন রোগী ক্যান্সার হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এর মধ্যে পুরুষ ৫ হাজার ৭ শত ২৪ জন এবং মহিলা ২ হাজার ৭শত ১৪ জন। ১ হাজার ৩৯ জন রোগীকে রেডিও থেরাপি দেয়া হয়েছে। সেমিনারে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া রোগীদের মধ্যে অনুভুতি ব্যক্ত করে বক্তব্য রাখেন ইফফাত জাহান পারু, রেনি সিনহা, আব্দুল মুহিত, আব্দুল ছালিক ও তেরাবান বিবি।

 এর আগে সকাল ১০ টায় বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে একটি বিশাল র‌্যালী বের করা হয়। র‌্যালীটি সিলেট সুলতানপুর সড়কের চন্ডিপুল পয়েন্ট ঘুরে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে ফিরে আসে। র‌্যালী পরবর্তী সেমিনারে ক্যান্সার আক্রান্ত শতাধিক রোগী এবং তাদের স্বজনরাও অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.