Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে পরীক্ষাকেন্দ্র থেকে ভুয়া কর্মকর্তা আটক, কারাদন্ড

ওসমানীনগর প্রতিনিধি |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৯

সিলেটের ওসমানীনগরে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে শামছুদ্দোহা শাওন নামের এক যুবককে আটক করে এক মাসের সাজা প্রদান করা হয়েছে। সে বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের সোনাপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। এসময় ঐ প্রতারকের কাছ থেকে স্থানীয় একটি দোকানে তৈরি শিক্ষা মন্ত্রণালয়ের ভুয়া কাগজপত্র, বিভিন্ন পরিচয়ের ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলার সদরুন্নেছা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ঘটনাটি ঘটে।

জানা যায়, মঙ্গলাবার দুপুরে সদরুন্নেছা উচ্চ বিদ্যালয় পরিক্ষা কেন্দ্রে উপস্থিত হয় ঐ প্রতারক। কেন্দ্র সচিবের কাছে নিজেকে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে কক্ষ পরিদর্শন করতে চায় সে। এসময় তার কথাবার্তা সন্দেহজনক প্রতিয়মান হলে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেন কেন্দ্র সচীব। খবর পেয়ে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তার প্রতারণার বিষয়টি ধরা পড়ে। এসময় তার কাছে থেকে একটি ফাইলে থাকা শিক্ষা  মন্ত্রণালয়ের ভুয়া কাগজপত্র এবং ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। প্রতারণার অপরাধে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে ঐ প্রতারক নিজেকে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করার কথাও জানা গেছে।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রতারণার অপরাধে তাকে ভ্রাম্যমান আদালত বসিয়ে একমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.