Sylhet Today 24 PRINT

প্রতিবন্ধীদের প্রতিভাকে কাজে লাগাতে হবে: কামরান

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৯

সিলেটের গোলাপগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতার উদ্যোগে অটিস্টিক ও প্রতিবন্ধীদের জন্য আর্ন এন্ড লিভ সিলেট শাখার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হিলালপুরে যুক্তরাজ্যস্থ গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকের সভাপতি বিশিষ্ট সমাজসেবী আব্দুল মুনিম জাহেদী ক্যারলের সভাপতিত্বে ও জান্নাতুল নাজনিন আশার উপস্থাপনায় আর্ন এন্ড লিভ সিলেট শাখার উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, "প্রতিবন্ধীদের অবহেলার চোখে না দেখে সম্মানের চোখে দেখতে হবে। কেহ ইচ্ছা করে প্রতিবন্ধী হয়নি, প্রকৃতির ইচ্ছায় মানুষ বিভিন্ন ভাবে প্রতিবন্ধী হয়ে স্বাভাবিক জীবন থেকে দূরে থাকতে হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে প্রতিবন্ধীদের মধ্যেও প্রতিভা রয়েছে, তাদের প্রতিভাকে কাজে লাগাতে আমাদের সহায়তার মনোভাব থাকতে হবে।"

তিনি আরো বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের কল্যাণে খুবই আন্তরিক। সরকার প্রতিবন্ধীদের কল্যাণে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে প্রধান মন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল অটিস্টিক ও প্রতিবন্ধীদের সহায়তার লক্ষ্যে কাজ করে দুনিয়া ব্যাপী প্রশংসা কুড়িয়েছেন।"

এছাড়াও প্রতিবন্ধীদের প্রতি করুণা নয় সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার জন্য তিনি সবার প্রতি আহবান জানান।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সিলেট ইন্টারন্যাশনাল কলেজের সাবেক রেজিস্টার ও বিভাগীয় প্রধান আব্দুল লতিফ, যুক্তরাজ্য খেলাফত মজলিসের সভাপতি ও উলামা কাউন্সিল গোলাপগঞ্জ উপজেলা ইউকের সভাপতি মাওলানা ছাদিকুর রহমান, বিশিষ্ট চিকিৎসক ডা. হোসাইন আহমদ, অধ্যাপক আনোয়ার আলী, ফুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়ছল, সিলেট বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, এডভোকেট আব্দুল করিম অপি, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. আব্দুর রহমান, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল হালিম চুনু, হাফিজ শাহিনুল আলী, ডা. হাবিবুর রহমান মৃধা, আমিনুল হক জিলু, স্থানীয় হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের প্রতিনিধি সোলেমান আহমদ।

অনুষ্ঠানের গুরুত্ব ও প্রতিবন্ধীদের নিয়ে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ডা. খাদেম আল দীন, আর্ন এন্ড লিভের সিলেট প্রতিনিধি সাবিনা ইয়াছমিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম।

এসময় সভাপতির বক্তব্যে আব্দুল মুনিম জাহেদী ক্যারল তার অভিপ্রায়ের কথা ব্যক্ত করে বলেন, "প্রতিবন্ধীদের বাদ দিয়ে সমাজের ভাল কিছু করার চিন্তাও করা যায় না। যুক্তরাজ্যসহ পৃথিবীর অনেক দেশে প্রতিবন্ধীদের জন্য নানা ধরণের সুযোগ সুবিধা রয়েছে। ক্ষুদ্র পরিসরে হলেও আমরা প্রতিবন্ধীদের কল্যানে নিজেদেরকে সম্পৃক্ত করা প্রয়োজন।"

এছাড়াও তাদের প্রতি যত্নশীল হওয়ার জন্য তিনি সাবাইকে অনুরোধ করেন। অনুষ্ঠানে বিভিন্ন বয়সী দুই শতাধিক অটিস্টিক ও প্রতিবন্ধীকে ফ্রি চিকিৎসা ও ঔষধ দেয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.