Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে তিনটি দোকানে চুরি

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌরসভার উকিল বাড়ি রোডে তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে।

বুধবার গভীর রাতে দোকানগুলোর তালা ভেঙ্গে নগদ টাকা ও বিভিন্ন মালামালসহ প্রায় ১ লাখ ২০ হাজার টাকার মালামাল লুট হয়।

চুরি হওয়া বকুল আর্টের দোকান থেকে একটি ক্যামেরাসহ ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে জানান ওই দোকানের স্বত্বাধিকারী বকুল রায়

এদিকে একই মার্কেটের দ্বিতীয় তলায় থাকা নাচের স্কুল ও পাশে থাকা পার্লার থেকে নগদ অর্থ ও মালামালসহ প্রায় ৭০ হাজার টাকার জিনিসপত্র চুরির দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

বকুল রায় বলেন, প্রতিদিনের মতো রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। বৃহস্পতিবার সকাল ৮টায় দোকান খুলে দেখি সব মালামাল এলোমেলো হয়ে পড়ে রয়েছে। আমার একটি মূল্যবান ক্যামেরাও দোকানে ছিলো সেটিও চুরি গেছে। পরে আমি চুরির ব্যাপারটি পুলিশকে জানাই।

এ ব্যাপারে শ্রীমঙ্গল পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ছাদ উদ্দিন বলেন, আমি খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আসছি। এ বিষয়টি নিয়ে দোকান মালিকদের সাথে আমার কথা হয়েছে। আমি তাদেরকে বলেছি থানায় জানানোর জন্য। আমি তাদের সাথে আছি ,যে কোন প্রয়োজনে আমি তাদের পাশে আছি।

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) সোহেল রানা সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চুরির ঘটনাটি জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, চুরি হওয়া মার্কেটের অন্যান্য ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায়, মার্কেটের নিজস্ব কোন নিরাপত্তারক্ষী বা সিসিটিভি ক্যামেরা নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.