Sylhet Today 24 PRINT

মোবাইলে প্রশ্নপত্র বিতরণ, মাদ্রাসা শিক্ষকের ২ বছরের কারাদণ্ড

৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৯টি মোবাইল জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৯

হবিগঞ্জের বাহুবলে এসএসসি পরীক্ষা চলাকালে হলের ভেতরে মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্নপত্র বিতরণের অভিযোগে রকেট উদ্দিন সরকার নামে এক মাদ্রাসা শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পরীক্ষার হল থেকে ৭ পরীক্ষার্থীকেও বহিষ্কার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বাহুবল ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনাটি ঘটে।

দণ্ডপ্রাপ্ত শিক্ষক উপজেলার মিরপুর দাখিল মাদ্রাসার শিক্ষক। এছাড়া বহিষ্কার হওয়া ৭ শিক্ষার্থীও একই প্রতিষ্ঠানের বলে জানা গেছে।

জানা যায়, বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বাহুবল ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শনে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম। এ সময় পরীক্ষার কেন্দ্রে থাকা শিক্ষক রকেট উদ্দিনের চালচলনে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এক পর্যায়ে ওই শিক্ষক জানান, 'তিনি এই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নয়।'

পরে তল্লাশি করে তার (শিক্ষক) কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত দুটি মোবাইল ফোন থেকে একটি মোবাইল অ্যাপ ইমোর গ্রুপ একাউন্টে প্রশ্নপত্র ফাঁসের আলামত পাওয়া যায়। এ সময় ওই গ্রুপে থাকা একই কেন্দ্রের ৭ পরীক্ষার্থীর আইডি পাওয়া যায়। পরে ৭ শিক্ষার্থীর দেহ তল্লাশি করে ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শিক্ষক রকেট উদ্দিন সরকারকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন। একই সাথে ৭ শিক্ষার্থীকেও পরীক্ষা থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম জানান, পরীক্ষার হলে অনুপ্রবেশ করে প্রশ্নপত্র বিতরণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ওই ৭ পরীক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.