Sylhet Today 24 PRINT

কদমতলীতে সিলেটের ৩য় পাবলিক টয়লেটের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৯

সিলেট নগরীর চৌহাট্টা ও ধোপাদিঘীর পাড়ের পর এবার নগরীর কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় নান্দনিকতার ছোঁয়ায় নির্মিত হয়েছে আরো একটি পাবলিক টয়লেট।

নারী-পুরুষ ও প্রতিবন্ধী উভয়ের ব্যবহার উপযোগী ৩য় এ পাবলিক টয়লেটের আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বেলুন উড়িয়ে, ফলক উন্মোচন ও ফিতা কেটে এ পাবলিক টয়লেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বহুজাতিক সেবা সংস্থা ‘ওয়াটার এইড’ এবং এইচ এন্ড এম ফাউন্ডেশনের সহযোগিতায় সিলেট সিটি করপোরেশন এই পাবলিক টয়লেট নির্মাণ করে।

উদ্বোধন শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, "ক্রমান্বয়ে নগরীর জন গুরুত্বপূর্ণ স্থানে আরো বেশ ক’টি পাবলিক টয়লেট স্থাপন করা হবে। অত্যাধুনিক এই পাবলিক টয়লেট উদ্বোধনের মধ্যদিয়ে সিলেট নগরীর বাসিন্দাদের জীবন-মান আরো এক ধাপ এগিয়ে গেল।"

মেয়র বলেন, "ইতিমধ্যে চৌহাট্টা ও  ধোপাদিঘীর পাড়ে স্থাপিত পাবলিক টয়লেট মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। পাবলিক টয়লেট মানুষের কাছে জনপ্রিয় হওয়ায় নগরীর আদালতচত্বর, টিলাগড়, শাহজালাল বিশ্ববিদ্যালয় এলাকাসহ জনগুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হবে আরো কয়েকটি পাবলিক টয়লেট।"

তিনি আরো বলেন, "এবিষয়ে বহুজাতিক সেবা সংস্থা ‘ওয়াটার এইড’ এবং এইচ এন্ড এম ফাউন্ডেশন একাজে আমাদের সহায়তা করবে।"

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিসিকের প্যানেল মেয়র-১ তৗফিক বক্স লিপন, ’ওয়াটার এইড’ এবং এইচ এন্ড এম ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার এবিএম মোবাশের হোসাইন সহ সিসিকের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.