Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে খুনের আসামীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

বিয়ানীবাজার প্রতিনিধি |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৯

বিয়ানীবাজারে ছাত্রলীগ কর্মী আনোয়ার হোসেন (২২) খুনের ঘটনায় জড়িত আসামীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ২টায় পৌরশহরের নিউমার্কেট মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা প্রধান আসামী সাহেল আহমদসহ পলাতকদের দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবী জানান।

মানববন্ধন কর্মসূচির পূর্বে একটি মৌন মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি সামছুল হক, প্রেসক্লাব সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, কমিউনিটি নেতা মনজ্জির আলী, ফ্রান্স আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নিহতের ভাই আলী হোসেন, কাউন্সিলার আব্দুর রহমান আফজল, কাউন্সিলার আব্দুল কাইয়ুম, সাংবাদিক মাছুম আহমদ, খন্দকার লোকমান হোসেন, মুজিবুর রহমান বিপ্লব, এনাম উদ্দিন এনু, জহিরুল ইসলাম মিশু প্রমুখ।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ নভেম্বর পূর্ব শত্রুতার জের ধরে সুপাতলা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেনকে ছুরিকাঘাত করে খুন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৮জনকে আসামী করে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই দেলোওয়ার হোসেন। 

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অবনী শংকর কর জানান, আনোয়ার হোসেন হত্যাকাণ্ডের ঘটনার প্রধান আসামী সাহেলকে গ্রেপ্তারে আমরা অভিযান পরিচালনা করছি। কিন্তু সে পলাতক রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.