ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি | ০১ আগস্ট, ২০১৫
সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা সেতুর টোল বাড়ানোর প্রতিবাদে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা। আজ শনিবার সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত ফেঞ্চুগঞ্জের সিলেট-কুলাউড়া-মৌলভীবাজার সড়কটি অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কুশিয়ারা সেতুতে পরিবহন প্রতি ১০ থেকে ১৫ টাকা করে বাড়তি টোল আদায়ের ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কটি অবরোধ করে রাখেন। এ সময় সড়কটির কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর সিলেটটুডে টুয়েন্টিফোরকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বেলা ২টার দিকে শ্রমিকদের বুঝিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
এ ব্যাপারে সিলেট সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী চন্দন কুমার সাহা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে পহেলা আগস্ট থেকে সব সেতুতে বাড়তি টোল আদায় কার্যকরের জন্য বলা হয়েছে। এক্ষেত্রে সেতুর দৈর্ঘ বুঝে টোল বৃদ্ধি করা হয়েছে।