তপন কুমার দাস | ০১ আগস্ট, ২০১৫
সিলেট জেলার গোলাপগঞ্জে ট্রাক-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি হাজীপুর ঘনশ্যাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়।
সরেজমিনে নিহতের বাড়িতে গেলে দেখা গেছে, সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে বড়লেখা উপজেলার ভাগাডর গ্রামে শোকের ছায়া নেমে আসে। নিহতদের বাড়ি ৩নং নিজবাহাদুপুর ইউপির ভাগাডর গ্রামে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে এলাকায় পরিবেশ ভারী হয়ে উঠছে। তাদের বুকফাটা আর্তনাদে উপস্থিত লোকজনও অশ্রুসিক্ত হয়ে পড়েন।
নিহতরা হলেন-মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ভাগাডর গ্রামের মৃত হাজী রকিব আলীর পুত্র এখলাছ উদ্দিন (৭০) ও এখলাছ উদ্দিনের পুত্র আলতাফ উদ্দিন (৩৫)। তারা দুইজনই প্রাইভেট কার যাত্রী ছিলেন। আহতরা হলেন-এখলাছ উদ্দিনের ছেলে জমির উদ্দিন (৪০), প্রাইভেট কার চালক এমাদুল (৩০), ইমাম সিদ্দিক (৩০)। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, এর মধ্যে জমির উদ্দিন আজ বিদেশ যাওয়ার কথা ছিল। বড়লেখা থেকে প্রাইভেট কার নিয়ে তারা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিলেন।