Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর তহবিল থেকে সিলেটের চার রোগীকে অনুদান

নিজস্ব প্রতিবেদক |  ১৭ ফেব্রুয়ারী, ২০১৯

প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে সিলেটের অসুস্থ রোগীর মধ্যে ৬ লাখ ৩০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

রোববার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলের ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবার প্রচেষ্টায় প্রাপ্ত এ অর্থের চেক প্রদান করা হয়।

অনুদান প্রাপ্তরা হলেন, সিলেট নগরীর নুরানী আবাসিক এলাকার সুবিদ বাজারের বাসিন্দা সিরাজুল ইসলাম বীরপ্রতীক পাঁচ লাখ টাকা, দক্ষিণ সুরমা উপজেলা খানুয়া গ্রামের ক্যান্সার রোগে আক্রান্ত মোছা. লুৎফা বেগমকে পঞ্চাশ হাজার, দক্ষিণ সুরমা বরইকান্দির মো. কবির মিয়াকে চোখের অপারেশনের জন্য ত্রিশ হাজার, কানাইঘাট উপজেলা জুলাই গ্রামের কুলছুমা বেগমকে পঞ্চাশ হাজার টাকা।

চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান।

এসময় তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক। অসুস্থ মানুষদের সুস্থ করতে চিকিৎসা বাবদ অনুদান প্রদান করা মহতী উদ্যোগ।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন।

বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে অসুস্থ মানুষদের চিকিৎসা বাবদ যেভাবে অনুদান দেওয়া হচ্ছে অতীতে আওয়ামীলীগ ব্যতীত কোন সরকার তা দিতে পারেনি। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উদ্যোগের ধারা অব্যাহত রাখার আহবান জানান।

জেলা পরিষদের সদস্য মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মো.শাহনূর, সংরক্ষিত সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী, সংরক্ষিত সদস্য সুষমা সুলতানা রুহি, জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম ইছন, সদস্য  মুহিবুল হক মুহিব, জেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক মনোওয়ার হোসেন মুনু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.