নিজস্ব প্রতিবেদক | ০২ আগস্ট, ২০১৫
নিষেধাজ্ঞা অমান্য করে শনিবারও মহাসড়কে অটোরিকশা চলাচল করতে দেখা যায়
মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণার প্রতিবাদে সিলেটে আজ (রবিবার) থেকে সড়ক-মহাসড়কে অবস্থান কর্মসূচি ও অনির্দিষ্টকালে ধর্মঘটের ডাক দিয়েছে জেলা অটোরিক্সা (সিএনজি) শ্রমিক ইউনিয়ন।
রবিবার (২ আগস্ট) সকাল থেকেই সিলেটের সকল সড়ক-মহাসড়কে অবস্থান কর্মসূচী পালন করবে বলে জানিয়েছে জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া জানান, মহাসড়কে অটোরিকশা-অটোটেম্পো চলাচলে সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আলাদা লেনের ব্যবস্থাসহ বিভিন্ন দাবিতে রবিবার থেকে সিলেটে সিএনজি অটোরিকশা ও অটোটেম্পো বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করা হবে।
তিনি বলেন, এতোদিন ধরে চলে আসা নিয়ম হঠাৎ করে বন্ধ করে দেওয়া যাবে না। এটা আমাদের উপার্জনের অবলম্বন।
সারা দেশের ন্যায় সিলেটেও শনিবার থেকে মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও অটোটেম্পো চলাচল বন্ধ রয়েছে। এতে করে সিলেট-ঢাকা, সিলেট-তামাবিল ও সিলেট-সুনামগঞ্জ সড়কে চলছে না অটোরিকশা ও অটোটেম্পু। বন্ধ থাকায় অটোরিকশা-টেম্পু দিয়ে যাতায়াতকারী সিলেটের কয়েক উপজেলার যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। বিশেষ করে সিলেটের সাথে ওসমানীনগর, বালাগঞ্জ, বিশ্বনাথ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট উপজেলার যাত্রীরা অটোরিকশা বা অটোটেম্পো দিয়ে সিলেট জেলা সদরে আসতে দুর্ভোগে পড়েছেন।
শনিবার বিকেলে নগরীর দক্ষিণ সুরমার ভার্থখলা স্টেশন রোডের প্রধান কার্যালয়ে মহাসড়কের সিএনজি অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে এক জরুরী সভায় রবিবার থেকে ধর্মঘট ও মহাসড়কে অবস্থান কর্মসূচী ঘোষণা কর হয়।
উল্লেখ্য, গত ঈদুল ফিতরের আগে-পরে সড়ক দূর্ঘটনায় অসংখ্য মানুষের প্রাণহানির ঘটনায় ২৩ জুলাই সচিবালয়ে এক পর্যালোচনা সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের ঘোষণা দেন। সড়ককে নিরাপত্তা রাখতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে ২৭ জুলাই এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়। ১ আগষ্ট থেকে মন্ত্রীর ঘোষণাটি কার্যকর হয়।