Sylhet Today 24 PRINT

বস্তিবাসীর জন্য নিরাপদ বাসস্থান তৈরি করবে সিসিক

নগরীর ১৫২০ জন অসহায় দরিদ্র শিশু শিক্ষার্থীদের শিক্ষা অনুদান প্রদান

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ফেব্রুয়ারী, ২০১৯

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, “আমি চাই না, কোনো শিশু বস্তিতে অবহেলায় বড় হোক। তাদের জন্য একটা নিরাপদ বাসস্থান তৈরি করে দিতে হবে। নগরীতে কিছু প্রান্তিক জনগোষ্ঠী আছে যারা সামাজিক ও অর্থনৈতিকভাবে বৈষম্যের শিকার। এসব সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে সিটি কর্পোরেশন বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। সে লক্ষেই নগরীতে অবস্থিত বস্তি’র সংখ্যা ও কত সংখ্যক নারী-পুরুষ ও শিশু এসব বস্তিতে বসবাস করছেন তার বিস্তারিত হিসেব সংগ্রহ করা হয়েছে।”

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নগরীর রিকাবীবাজারস্থ কবি কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে নগরীর দরিদ্র জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা অনুদান বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে সিলেট সিটি কর্পোরেশনে বাস্তবায়নাধীন “প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন” প্রকল্পের আওতায় নগরীর ১৫২০ জন অসহায় দরিদ্র শিশু শিক্ষার্থীদের ২১’শ৬০ টাকা করে শিক্ষা অনুদান প্রদান করা হয়।

সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানের সভাপতিত্বে শিক্ষা অনুদান বিতরণী অনুষ্ঠানে মেয়র আরও বলেন, “প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সামাজিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে। দরিদ্রতা কমাতে ও সামাজিক নিরাপত্তা দেয়ার ক্ষেত্রে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিসিকের প্রধান নির্বাহী বিধায়ক রায় চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেন, সিসিকের ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, ইলিয়াছুর রহমান ইলিয়াছ, সিকন্দর আলী, আব্দুল মুহিত জাবেদ, এসএম সওকত আমীন তৌহিদ, তারেক উদ্দিন তাজ, মহিলা কাউন্সিলর রেবেকা বেগম রানু, রেবেকা আক্তার লাকী, ইউএনডিপির টাউন ম্যানেজার এবিএম জিয়াউল কবির, লাইভলীহুড ইম্প্রোভমেন্ট এর কোঅর্ডিনেটর মৌসুমী পারভীন, সিটি কোঅর্ডিনেটর মো. ইকবাল হোসেন ও গভার্নেন্স কোঅর্ডিনেটর মো. কামরুজ্জামান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.